এবার ৩২ দল নিয়ে ক্লাব বিশ্বকাপ আসর মাঠে গড়ানোর পর নানা কারণে সমালোচিত হয়। তবে এবার কিছু ইতিবাচক মন্তব্যও শোনা গেল। চ্যাম্পিয়ন চেলসির ডিফেন্ডার লেভি কলউইলের মতে, ভবিষ্যতে উয়েফা চ্যাম্পিয়নস লিগকে ছাড়িয়ে যাবে নতুন আঙ্গিকের ক্লাব বিশ্বকাপ।
ফুটবলে ঠাসা সূচির সঙ্গে বড় পরিসরের এই টুর্নামেন্ট খেলোয়াড়দের শারীরিক শক্তিকে বাড়তি চ্যালেঞ্জ জানাবে, এমন সমালোচনা শুনতে হয় ফিফাকে। তাছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিকূল আবহাওয়া, মাঠের মান, খেলা শুরুর সময় এসব নিয়ে তো অভিযোগ ছিলই।
তবে ফাইনালে ৮২ হাজার দর্শকের উপস্থিতিতে শিরোপা লড়াইয়ে বাজিমাত করার পর কলউইল বলেন, 'ক্যারিয়ারে এখন পর্যন্ত আমার জেতা এটাই সবচেয়ে বড় ট্রফি। আমার মনে হয়, ক্লাব বিশ্বকাপ সামনে চ্যাম্পিয়নস লিগের চেয়ে বড় হয়ে উঠবে এবং আমরা প্রথম দল হিসেবে এটা জিতলাম।'