ই-স্পোর্টস ওয়ার্ল্ডকাপে বাংলাদেশের রেড হকস দল

এবারই প্রথম ই-স্পোর্টস ওয়ার্ল্ড কাপে সরাসরি খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। দেশের হয়ে প্রতিনিধিত্ব করবে টিম রেড হকস (সাংকেতিক নাম RHK)। তারা খেলবেন ই-স্পোর্টসের ফ্রি ফায়ার ক্যাটাগরিতে। আজ মঙ্গলবার ওয়ার্ল্ডকাপের ভেন্যু রিয়াদে পৌঁছায় রেড হকস। বুধবার থেকে বাংলাদেশের খেলা শুরু হবে।

রিয়াদে পৌঁছে সমর্থকদের কাছে দোয়া চেয়েছে রেড হকস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এক পোস্টে লেখেন, 'বিসমিল্লাহ....শুরু হলো টিম বাংলাদেশ হিসেবে আমাদের ই-স্পোর্টস ওয়ার্ড কাপ ২০২৫-এর যাত্রা। আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা নিজেদের দেশের জন্য ভালো কিছু করে নিরাপদে ফিরে আসতে পারি।'

৩ রাউন্ডে অনুষ্ঠিত হবে এবারের ম্যাচগুলো। বাংলাদেশের প্রতিপক্ষ বিভিন্ন দেশের ১৭টি দল। এ নিয়ে দেশের ফ্রি ফায়ার কমিউনিটিতে চলছে টানটান উত্তেজনা।

উল্লেখ্য, সোমবার বাংলাদেশের সরকার ই-স্পোর্টসকে বাংলাদেশে ক্রীড়া হিসেবে স্বীকৃতি দেয়।