বগুড়ার শাজাহানপুরে বৃষ্টির পানিতে খেলতে গিয়ে ড্রেনের পাইপে পড়ে মো. ফাইম বাবু নামে তিন বছরের এক শিশু নিখোঁজ হয়েছে। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার মাদলা ইউনিয়নের চাঁচাইতারা মধ্যপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিখোঁজ শিশু মো. ফাইম বাবু ওই এলাকার সোহেল রানার ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে বাড়ির পাশের ফাঁকা জায়গায় ফাইম একটি প্রতিবেশী শিশুর সঙ্গে খেলছিল। হঠাৎ পা পিছলে সে একটি ড্রেনের পাইপে পড়ে যায় এবং এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। ফাইমের সঙ্গী শিশুটি তার পরিবারকে বিষয়টি জানালে স্থানীয় লোকজন দ্রুত ড্রেন এবং আশপাশের ডোবা এলাকায় উদ্ধার অভিযান শুরু করে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) শফিকুল ইসলাম শফিক বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।