ডেঙ্গুতে মাসের দ্বিতীয় মৃত্যু শূন্য দিন

দেশে গত ২৪ ঘণ্টায় (মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গুতে কেউ মারা যাননি। এটি এ মাসের দ্বিতীয় মৃত্যু শূন্য দিন। এর আগে ১১ জুলাই ডেঙ্গুতে মৃত্যু শূন্য দিন ছিল।

গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরো ৩৭৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এরমধ্যে ৩২ শতাংশ বা ১২১ জনই বরিশাল বিভাগের। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গুর এই তথ্য জানিয়েছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার মধ্যে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে রাজধানীতে ৬৭ জন, যা দিনের মোট রোগীর ১৮ শতাংশ। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩৯ জন ও উত্তরে ২৮ জন ভর্তি হয়েছে। এরপর দ্বিতীয় সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছে বরগুনায় ৬২ জন, যা দিনের মোট রোগীর ১৭ শতাংশ। এ ছাড়া চট্টগ্রাম বিভাগে ৩৩, খুলনায় ২৬, রাজশাহীতে ৫৫ এবং ময়মনসিংহ ও রংপুর বিভাগে তিনজন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে ৩৪৮ জন ডেঙ্গু রোগী।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে এ বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়ালো ১৫ হাজার ৫৮৫ জন। এর মধ্যে ১৪ হাজার ৩১৭ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। আর মৃত্যু হয়েছে ৫৮ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। সে অনুযায়ী,  দেশে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ১ লাখ ১ হাজার ২১১ জন হাসপাতালে ভর্তি হন। মৃত্যু হয় ৫৭৫ জনের। ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর এই সংখ্যা তৃতীয় সর্বোচ্চ। আর মৃতের সংখ্যা দ্বিতীয় সর্বোচ্চ।

এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর। ২০২২ সালে সারাদেশে এক লাখ এক হাজার ৩৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, যা বাংলাদেশে দ্বিতীয় সর্বোচ্চ।