২৭ রানের বিপর্যয়ের পর নিদ্রাহীন রাত, জরুরি বৈঠক

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ম্যাচে মাত্র ২৭ রানে অলআউট হয়ে গেছে ওয়েস্ট ইন্ডিজ। অজিদের দুর্দান্ত বোলিংয়ের সামনে তারা ছিল অসহায়। সিরিজের প্রথম দুই টেস্টেও তারা বড় ব্যবধানে (১৫৯ ও ১৩৩ রান) হেরেছে। এই পারফরম্যান্সের পর তোলপাড় শুরু হয়েছে ক্যারিবিয়ান ক্রিকেটে। 

সিরিজ শেষে জরুরি বৈঠক ডেকেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লুআই)। সেই বৈঠকে আমন্ত্রিত ছিলেন ব্রায়ান লারা, স্যার ক্লাইভ লয়েড ও স্যার ভিভিয়ান রিচার্ডস, শিবনারায়ণ চন্দরপল, ডেসমন্ড হেইনেস ও ইয়ান ব্র্যাডশ’র মতো কিংবদন্তিরা। এই বিপর্যয়কে ‘গভীর হতাশাজনক’ উল্লেখ করে কিংবদন্তিদের উপস্থিতিতে পারফরম্যান্স পর্যালোচনা করেছে ‘ক্রিকেট স্ট্র্যাটেজি এন্ড অফিসিয়েটিং কমিটি'।

বিব্রতকর এই পরাজয়ের পর নিদ্রাহীন রাত কাটানোর কথা জানিয়ে সিডব্লুআই সভাপতি ড. কিশোর শ্যালো বলছেন, ‘অন্য সকল ওয়েস্ট ইন্ডিয়ান সমর্থকের মতো আমিও অস্ট্রেলিয়ার কাছে টেস্ট হারের ব্যথা অনুভব করছি। ক্রিকেটারসহ আমাদের অনেকের জন্যই কিছু নিদ্রাহীন রাত আসছে, যারা এই হারে বড় ধাক্কা খেয়েছে। হতাশার বিষয়টি স্বাভাবিক, তবে এটিকেই আমাদের যাত্রাপথ সংজ্ঞায়িত করতে দেবো না। আমরা পুনর্গঠনের প্রক্রিয়ায় আছি, ধৈর্য্যের সঙ্গে পরবর্তী প্রজন্মের জন্য বিনিয়োগ করছি এবং বিশ্বে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের অসামান্য অর্জনকে প্রেরণা হিসেবে নিয়ে উজ্জ্বীবিত হতে চাই।’