পঞ্চম দিনের রোমাঞ্চ শেষে লর্ডস টেস্ট ২২ রানে জিতে নিয়েছে ইংল্যান্ড। তবে জয়ের আনন্দের পর এসেছে দুঃসংবাদও। মন্থর ওভার রেটের কারণে ইংল্যান্ডের দুটি টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট কাটা হয়েছে। পাশাপাশি দলের সবার ম্যাচ ফির ১০ শতাংশ করে অর্থ জরিমানা করা হয়েছে। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই খবর জানিয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ অনুচ্ছেদ অনুযায়ী, বরাদ্দকৃত সময়ের মধ্যে ওভার শেষ করতে না পারলে, যতগুলো ওভার শেষ হবে না, তার প্রতিটির জন্য ১টি করে পয়েন্ট কাটা হবে। এক্ষেত্রে ফিল্ডিংয়ে নেমে যে সময়ের মধ্যে ওভার শেষ করার কথা ছিল ইংল্যান্ডের, সেটা তারা করতে পারেনি। ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস দোষ স্বীকার করায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।
এই শাস্তির পর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্ট তালিকায় ইংল্যান্ডের পয়েন্টসংখ্যা দাঁড়াল ৩ ম্যাচে ২২। আর শতাংশ হার কমে দাঁড়িয়েছে ৬১ দশমিক ১১-তে। এতে পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে নেমে গেছে বেন স্টোকসের দল। ৩ ম্যাচে ৩৬ পয়েন্ট ও ১০০ শতাংশ হার নিয়ে শীর্ষে আছে অস্ট্রেলিয়া। ২ ম্যাচে ১৬ পয়েন্ট ও ৬৬.৬৭ শতাংশ হার নিয়ে দুইয়ে শ্রীলঙ্কা।