চাঁদাবাজির দায়ে বহিষ্কৃত যুবদল নেতাকে পুলিশে দিলেন বিএনপি নেতা

গাজীপুরে শ্রীপুরে মাইকে ঘোষণা দিয়ে বাজারে চাঁদা দাবি করার ঘটনায় উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম পিন্টুকে বহিষ্কার করা হয়েছিল। এরপর ওই নেতার নামে মামলা হলে দীর্ঘদিন পলাতক ছিলেন। বুধবার পিন্টুকে গোপন খবরের ভিত্তিতে আটক করে পুলিশে দিয়েছেন কেন্দ্রীয় বিএনপি নেতা অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু। 

দীর্ঘ পাঁচমাস পর গ্রেপ্তার হলেও একটি সূত্র জানিয়েছে, প্রশাসনকে ম্যানেজ করেই এতদিন এলাকায় ঘোরাফেরা করেছে সন্ত্রাসী পিন্টু ও তার অনুসারীরা। তার নামে চাঁদাবাজিসহ অন্তত সাতটি মামলা রয়েছে। অভিযুক্ত পিন্টু উপজেলার তেলিহাটি ইউনিয়নের মুলাইদ গ্রামের নুরুল ইসলামের ছেলে।

কেন্দ্রীয় বিএনপি’র সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, বুধবার সকালে নেতাকর্মীদের সাথে নিয়ে বাড়ির পাশে একটি মতবিনিময় অনুষ্ঠান করছিলাম । এ সময় ওই পথ ধরে যাচ্ছিল পিন্টু। পরে তাকে ধরে আনা হয়। শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

তিনি বলেন, সন্ত্রাসীর কোনো রাজনৈতিক পরিচয় থাকতে পারে না। দেশে প্রচলিত আইনে তার বিচার হবে এটাই স্বাভাবিক। আমরা সবাই যেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হই।

শ্রীপুর মডেল থানার ওসি মহম্মদ আবদুল বারিক জানান, রাম দা নিয়ে মহড়া ও মাইকে প্রকাশ্যে ঘোষণা দিয়ে চাঁদা চাওয়ার ঘটনায় মামলার পর থেকেই পিন্টু আত্মগোপনে ছিল। বুধবার তাকে ধরে পুলিশে সোপর্দ করা হয়। গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।