মাদারীপুরে ফ্ল্যাটবাসা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত ৮ টার দিকে শহরের ২নং শকুনি সড়কের এসএম নাসিরউদ্দিনের বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। এই ঘটনায় দরজা ভেঙ্গে রুমের ভেতর থেকে অক্ষত অবস্থায় একজনকে আটক করেছে পুলিশ।
আটককৃত শাওন সরদার শহরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা। এ ঘটনায় আরেক অভিযুক্ত নয়ন হাওলাদার পলাতক রয়েছে। তিনি শহরের আসমত আলী খান সড়ক এলাকার মো. মাইনুদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, আড়াই মাস আগে শহরের শকুনি লেকের দক্ষিণপাড়ের এসএম নাসিরউদ্দিনের ৬ তলা ভবনের ৬ তলার পশ্চিম পাশের রুম ভাড়া নেয় ফল ব্যবসায়ী নয়ন হাওলাদার। ভবনে তার দুই সহযোগিকে নিয়ে সেখানে ওঠেন। পরে বাড়ির কেয়ারটেকার ওবায়দুর রহমান বাসাভাড়া চাইলে টালবাহানা শুরু করেন। এরপর এক সপ্তাহ ধরে নয়নের হদিস মিলছে না।
বৃহস্পতিবার সন্ধ্যায় রুমের ভেতর থেকে একজনের চিৎকার চেচামেচি শুনে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে রুমের দরজা ভেঙ্গে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে। অন্য একটি বদ্ধরুমের ভেতর থেকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় শাওন সরদার নামে এক যুবককে। পরে লাশ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা জানান, খবর পেয়ে রুমের দরজা ভেঙ্গে মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শাওন সরদার নামে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি বদ্ধরুমে ছিলেন। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ। শিগগিরই নিহতের পরিচয় ও ঘটনার রহস্য পাওয়া যাবে।