বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি (এফবিসিসিআই) সাবেক পরিচালক ও আসন্ন নির্বাচনে সভাপতি পদ প্রার্থী ড. পারভেজ সাজ্জাদ আকতার বলেছেন, নির্বাচিত হতে পারলে তিনি দায়িত্বকালীন ২৪ মাসের প্রতিদিন ২৪ ঘণ্টা এফবিসিসিআইয়ের জন্য ব্যয় করবেন। গত ১৬ জুলাই রাতে রাজধানীর অফিসার্স ক্লাবে এফবিসিসিআইয়ের সাধারণ সদস্যদের সৌজন্য অনুষ্ঠিত সুধী সমাবেশে তিনি এই ঘোষণা দেন। এ সময়ে উপস্থিত ব্যবসায়ীরা হাততালিতে তাকে সমর্থন জানান।
অনুষ্ঠানে পুরান ঢাকার ব্যবসায়ী হাজী মো. সালাহউদ্দিন, কামাল হোসেন পলাশ, সাহাদাত হোসেন ভুইয়া, কেএসএম মোস্তাফিজুর রহমান বক্তব্য রাখেন।
পারভেজ সাজ্জাদ বলেন, ২০০০ সালে এফবিসিসিআইয়ের পরিচালক নির্বাচিত হয়েছিলাম। ওইসময় সাধারণ সদস্যরা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিলেন। দীর্ঘ সময় ব্যবসায় মনোযোগী ছিলাম। ব্যবসা থেকে আমার অনেক অর্জন আছে। এখন আর পাওয়ার কিছু নেই। ব্যবসার ৮০ ভাগ দায়িত্ব আমার সহধর্মিণীকে বুঝিয়ে দিয়েছি। এখন ব্যবসায়ীদের জন্য কিছু করার ইচ্ছা থেকে এফবিসিসিআইতে সভাপতি প্রার্থী হয়েছি। আমি নিজেকে বড় শিল্প মালিক বলছিনা। মাঝারি মানের ব্যবসায়ী। ব্যবসায় যেসব সুবিধা অসুবিধা রয়েছে আমি সবই জানি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সমস্যা সব থেকে বেশি। এ ছাড়া শুল্ক বিষয়ে হয়রানি, কর ও ভ্যাট বিষয়ে দীর্ঘদিনের সমস্যা রয়ে গেছে। যা সমাধান করা সম্ভব হলেও এখন পর্যন্ত করা হয়নি। এসব বিষয়ে ব্যবসায়ীদের সরকারী দপ্তরে যেতে হবে না। এফবিসিসিআইতে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার করা হবে। এক জায়গাতেই সব কিছুর সমাধান হবে।
এ সময় তিনি চট্টগ্রাম বন্দর ও তৈরি পোশাক শিল্প মালিকদের সমস্যার প্রসঙ্গ তুলে ধরে বলেন, দেশের প্রধান রপ্তানি খাত তৈরি পোশাক শিল্প মালিকদের সমস্যার শেষ নেই। আমি নিজে শিপিং ব্যবসার সঙ্গে জড়িত। আমি জানি রপ্তানিকারকদের কি ধরনের সমস্যা মোকাবিলা করতে হয়। দায়িত্ব পেলে সহজে এসব সমস্যার সমাধান করে দেব।
জানা গেছে, এফবিসিসিআই পরিচালনা পর্ষদের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা
থাকলেও নির্বাচন পরিচালনা বোর্ড তা ৪৫ তিন পিছিয়ে দিয়েছে। তবে এখন পর্যন্ত ভোট গ্রহণের তারিখ বা নতুন তফসিল ঘোষণা করা হয়নি।