৭০০ গোলে অবদান নেইমারের

ব্রাজিলিয়ান সিরি আ-তে নেইমারের গোলে ফ্ল্যামেঙ্গোকে হারিয়েছে সান্তোস। ৮৪ মিনিটে নেইমারের দারুণ ফিনিশিং এগিয়ে যায় সান্তোস, বাকি সময়ে ব্যবধান ধরে রেখে পেয়েছে জয়। এই গোলের মাধ্যমে নেইমার তার পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলে অবদান রাখলেন।

ক্লাব বিশ্বকাপে শেষ ষোলোতে উঠেছিল ফ্ল্যামেঙ্গো। তার আগে গ্রুপপর্বে তারা হারিয়েছিল চেলসিকে, যারা পরে ক্লাব বিশ্বকাপের শিরোপা জেতে। লিগে সান্তোসের কাছে হারলেও বল দখল, গোলমুখে শট নেওয়ায় এগিয়ে ছিল ফ্ল্যামেঙ্গোই। অবশ্য হারের পরও ফ্ল্যামেঙ্গো আছে ব্রাজিলিয়ান লিগের শীর্ষেই। ম্যাচে গোলের পর নেইমারের উদযাপন দেখে মনে হয়েছে তিনি আগেই ফ্ল্যামেঙ্গোর কোচ ফিলিপ লুইসকে বলে রেখেছিলেন এ ম্যাচে গোল করবেন। গোলের পর প্রতিপক্ষ দলের ডাগআউটে দাঁড়ানো কোচ ফিলিপ লুইসকে ‘তোমাকে বলেছিলাম’ বলে ইঙ্গিত করেন নেইমার। ব্রাজিল জাতীয় দলে দীর্ঘদিন নেইমারের সতীর্থ ছিলেন লুইস। ৩৯ বছর বয়সী লুইস ২০২৩ সালে অবসর নেওয়ার পর কোচ হন।

দেসপোর্তিভা ফেরোভিয়ারিয়া বিপক্ষে গত সপ্তাহে প্রীতি ম্যাচে গোল করে নেইমার জানিয়েছিলেন, তিনি আগের চেয়ে অনেক ভালো বোধ করছেন। খেলা দেখেও সেটিই মনে হয়েছে। প্রথম মিনিটেই ফ্ল্যামেঙ্গোর দুই ডিফেন্ডারকে সতীর্থকে গোলের দারুণ সুযোগ তৈরি করে দিয়েছিলেন নেইমার। তবে গোল হয়নি। ম্যাচে নেইমার ভালো খেললেও গোল পাচ্ছিল না দল। ৮৪ মিনিটে বাঁ-প্রান্ত থেকে সতীর্থের পাস পেয়ে ডজ দিয়ে ঘুরে গোল করেন নেইমার। নেইমারের ক্যারিয়ারে এটি ৪৪৩তম গোল, অ্যাসিস্ট করেছেন ২৫৭টি। একের পর এক ইনজুরির পরও নেইমার এই মাইলফলকে পৌঁছেছে ৭৩২ ম্যাচ খেলে।

সান্তোস সমর্থকরা বোধহয় গোলের চেয়েও বেশি খুশি হয়েছেন নেইমারের পুরো ৯০ মিনিট মাঠে থাকায়। প্রায় পাঁচ মাস পর পুরো ৯০ মিনিট মাঠে থাকলেন নেইমার। ব্রাজিলিয়ান লিগে চলতি মৌসুমে এটি নেইমারের প্রথম গোল। পুরো মৌসুমে ১৫ ম্যাচে চতুর্থ গোল। জয়ের পর সান্তোস ফরোয়ার্ড নেইমার বলেন, ‘আমি প্রতিটি ম্যাচেই ৯০ মিনিট খেলতে চাই। শারীরিকভাবে আরও ফিট হয়ে উঠতে চাই। সেজন্য সময়ের প্রয়োজন। যে চোটে ভুগেছি, সেখান থেকে সেরে ওঠা সহজ না। তবে রক্ষণ ও আক্রমণে দলকে সাহায্য করতে পেরে ভালো লাগছে। এখনো শতভাগ ফিটনেস ফিরে পাইনি, তবে উন্নতি করছি।’

ব্রাজিলিয়ান সিরি আ-তে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে উঠে এলো সান্তোস।