মেসি থামলেন মায়ামিও হারল

মেজর লিগ সকারে টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করার অনন্য কীর্তি গড়েছিলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার সেই যাত্রা থেমে গেল। গতকাল বৃহস্পতিবার ভোরে এফসি সিনসিনাতির বিপক্ষে ম্যাচে কোনো গোল আসেনি এই জাদুকরের পা থেকে। উল্টো মায়ামিকে হজম করতে হয়েছে তিন গোল। তাতে ছয় ম্যাচ অপরাজিত থাকার পর সিনসিনাতির কাছে ৩-০ গোলের হার দেখতে হয়েছে হাভিয়ের মাশচেরানোর দলটিকে।

এই ম্যাচে জোড়া গোল করে পঞ্চম ম্যাচে স্কোরশিটে নাম উঠিয়েছেন সিনসিনাতির ব্রাজিলিয়ান মিডফিল্ডার এভান্ডার। আর সাত ম্যাচ পর গোলশূন্য রইলেন মেসি। যে সাত ম্যাচে তার পা থেকে এসেছে ১১ গোল। বুধবার রাতে একাধিকবার গোলের খুব কাছাকাছি পৌঁছে গেলেও, লক্ষ্যটা ছুঁতে পারেননি মেসি। কিছু ভালো সুযোগ অবশ্য তৈরি হয়েছিল, একটি ব্লক শট, একটি দূর থেকে নেওয়া বাঁকানো শট। তবুও গোলমুখ খোলা হয়নি। তবে মেসি বা মায়ামি না পারলেও সুযোগ কাজে লাগাতে পেরেছে সিনসিনাটি।

ওহাইওর টিকিউএল স্টেডিয়ামে প্রথম গোলটা আসে ম্যাচের শুরুতেই। মায়ামির ডানদিকের রক্ষণ লুকা ওরেলানোর চাপে ধসে পড়ে। আর্জেন্টাইন ওরেলানো সুন্দরভাবে বল বাড়িয়ে দেন যুক্তরাষ্ট্রের ২০ বছর বয়সী মিডফিল্ডার জেরার্দো ভ্যালেনজুয়েলার পায়ে। নিখুঁত ফিনিশিংয়ে তিনি বল জড়ান দূরের পোস্টে। ১৬ মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। ২৬ মিনিটে গোলকিপার অস্কার উসতারিকে উঠিয়ে রোকো রিওস নোভোকে নামায় মায়ামি। দ্বিতীয়ার্ধের শুরুতেই সিনসিনাটি তাদের লিড দ্বিগুণ করে ফেলে মায়ামির আরও একবার বাজে রক্ষণভাগের কারণে। এবার সার্জিও বুসকেটসকে কাটিয়ে বল নিয়ে এগিয়ে গিয়ে নিখুঁতভাবে গোল করেন সিনসিনাতির তারকা এভান্ডার। এই ব্রাজিলিয়ান মিডফিল্ডারই ৭০তম মিনিটে দারুণ এক গোলে মায়ামির কফিনে শেষ পেরেকটি ঠুকে দেন। বুধবার রাতটা তার জন্য যতটা সহজ ছিল, মায়ামির জন্য ঠিক ততটাই কঠিন।

ম্যাচ শেষে মায়ামি কোচ হাভিয়ের মাশচেরানো হতাশা প্রকাশ করে বলেছেন, ‘অবশ্যই আমি এই হার নিয়ে চিন্তিত। আজ প্রতিপক্ষ শুরু থেকেই পিছিয়ে ছিল। কিন্তু তারা যখন আমাদের চেয়ে এগিয়ে যায়, সেটা চিন্তার বিষয় বটে। দুর্ভাগ্যবশত আমরা শুরু থেকে যেভাবে খেলতে চেয়েছিলাম, সেভাবে পারিনি। তারা আমাদের সবসময় চাপের মাঝে রেখেছিল। আমরা লড়াই করেছি, কিন্তু আক্রমণাত্মক হতে পারিনি।’

দল হিসেবে মায়ামিকে আরও শক্তিশালী মনে হওয়ার সময়টাতেই এমন বাজে হারের মুখোমুখি হতে হলো। তবে খুব তাড়াতাড়িই নিজেদের ফিরে পেতে চাইবে মায়ামি। কেননা রবিবার বাংলাদেশ সময় ভোরেই তাদের মুখোমুখি হতে হবে নিউ ইয়র্ক রেড বুলসের। মায়ামি এখন ১১ জয়, ৪ হার এবং ৫ ড্র নিয়ে ৩৮ পয়েন্টে রয়েছে ইস্টার্ন কনফারেন্সের পঞ্চম স্থানে। তিন ম্যাচ কম খেলে কনফারেন্সের শীর্ষে থাকা ফিলাডেলফিয়ার চেয়ে তারা এখন আট পয়েন্ট পিছিয়ে, যারা সমগ্র এমএলএস তালিকায়ও শীর্ষে রয়েছে।