মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পাকিস্তান সফর নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা পুরোপুরি ভিত্তিহীন বলে জানিয়েছে হোয়াইট হাউস। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তারা জানায়, ‘এই মুহূর্তে পাকিস্তান সফরের কোনো পরিকল্পনা নেই।’ খবর: পাকিস্তান টুডে
এর আগে সকালে পাকিস্তানের কিছু টেলিভিশন চ্যানেল নিজেদের ‘সূত্র’ উল্লেখ করে দাবি করে, আগামী সেপ্টেম্বরেই ইসলামাবাদ সফরে যাবেন প্রেসিডেন্ট ট্রাম্প। তারা আরও জানায়, পাকিস্তান সফরের পর ট্রাম্প ভারতেও যাবেন। তবে পরে এসব চ্যানেল তাদের খবর প্রত্যাহার করে নেয়।
এ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শফকত আলী খান বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই।’
তেমনি ইসলামাবাদে নিযুক্ত যুক্তরাষ্ট্র দূতাবাসের একজন মুখপাত্র বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমাদের কিছু ঘোষণা করার নেই।’ তিনি যোগ করেন, প্রেসিডেন্টের সফরসূচি সম্পর্কে বিস্তারিত জানাতে পারে কেবল হোয়াইট হাউস।
ব্রিটিশ বার্তা সংস্থা জানায়, এই সফর যদি শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়, তবে তা হবে গত দুই দশকে কোনো মার্কিন প্রেসিডেন্টের প্রথম পাকিস্তান সফর। সর্বশেষ ২০০৬ সালে তৎকালীন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ইসলামাবাদ গিয়েছিলেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, রাজা তৃতীয় চার্লসের আমন্ত্রণে প্রেসিডেন্ট ট্রাম্প আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর যুক্তরাজ্য সফর করবেন। এটি হবে তাঁর দ্বিতীয় রাষ্ট্রীয় সফর।
সম্প্রতি যুক্তরাষ্ট্র-পাকিস্তান সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে। বিশেষ করে গত মাসে হোয়াইট হাউসে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পের এক ঐতিহাসিক বৈঠকের পর বিষয়টি আরও গুরুত্ব পেয়েছে।
এদিকে, চীনবিরোধী কৌশলগত জোট ‘কোয়াড’-এর শীর্ষ সম্মেলন এ বছর ভারতের আয়োজনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখনো তারিখ নির্ধারিত হয়নি। এই জোটে যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া ও জাপান অংশ নেয় এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব প্রতিহত করাই এর লক্ষ্য।