ওপেনার নাঈম এখন মিডল অর্ডারে জায়গা করতে চান

শুরুটা হয়েছিল ওপেনার হিসেবে, এখনও সেই পরিচয়ই বহন করেন নাঈম শেখ। তবে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে হঠাৎ করে চার নম্বরে ব্যাটিং করে কিছুটা চমকে দেন এই বাঁহাতি ব্যাটার। যদিও পরে জানা যায়, পরিকল্পনায় তিনি ছিলেন না—জাকের আলীর ইনজুরির কারণে বদলি হিসেবে সুযোগ পেয়েছিলেন নাঈম।

তবে এই হঠাৎ পাওয়া অভিজ্ঞতা বদলে দিয়েছে তার ভাবনা। ওপেনিংয়ে নিজের জায়গা পাকা করার লক্ষ্য থাকলেও এখন মিডল অর্ডারের জন্যও নিজেকে তৈরি রাখতে চান নাঈম।

শুক্রবার বাংলাদেশ দলের কোনও আনুষ্ঠানিক অনুশীলন ছিল না। তবে মিরপুরে ঐচ্ছিক অনুশীলনে নামেন নাঈম। অনুশীলন শেষে জানান, মিডল অর্ডারে সুযোগ এলে এবার মানসিকভাবে প্রস্তুত থাকবেন তিনি।

নাঈম বলেন, ‘সত্যি বলতে, আপনারা সবাই জানেন জাকের ইনজুরিতে ছিল বলেই আমাকে চারে খেলতে হয়েছে।  আমার আসলে পাঁচে খেলার কথা ছিল। ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনা করে চারে খেলেছি। কিন্তু জানলে যদি আগে থেকে যে এমন সুযোগ আসবে, তাহলে মানসিকভাবে আরও প্রস্তুত থাকতে পারতাম।’

ওপেনার হিসেবে খেলার অভিজ্ঞতা থাকলেও মিডল অর্ডারে খেলার চ্যালেঞ্জ একেবারেই আলাদা বলে মনে করেন নাঈম। এ কারণে ভবিষ্যতের কথা মাথায় রেখে নিজের প্রস্তুতিতে বৈচিত্র্য আনছেন তিনি।

নাঈম স্বীকার বলেন, ‘এইভাবে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। ওপেনিংয়ে খেলার জন্য সবসময় প্রস্তুত থাকি। এখনও যে ব্যক্তিগত অনুশীলন করলাম, ওপেনিংয়ের জন্যই ছিল। কিন্তু ভবিষ্যতে যদি আবার এমন সুযোগ আসে, তাহলে মাথায় থাকবে।’

তবে ওপেনিংয়ের জায়গা ছাড়ছেন না নাঈম। বলেন, ‘সবসময় যতদিন খেলেছি, ওপেনার হিসেবেই ব্যাটিং করেছি। সেই মানসিকতা নিয়েই অনুশীলন করি। তবে মাঝখানে ব্যাটিং করলে কীভাবে খেলতে হয়, মিডল অর্ডারের ব্যাটাররা যেসব সংগ্রামের মধ্য দিয়ে যায়, সেটা নিজের অভিজ্ঞতায় বুঝতে পারলাম। বাইরে থেকে অনেক সময় সহজ মনে হয়, কিন্তু আসলে ভিন্ন একটা চ্যালেঞ্জ।’

মিডল ওভারে ব্যাট করার অভ্যাস ওপেনারদের মাঝেমধ্যে থাকলেও মিডল অর্ডারের চাপে খেলা ভিন্ন। সেটাই বুঝতে পেরেছেন নাঈম। সেই উপলব্ধি থেকেই এখন নিজেকে আরও বিস্তৃত ভূমিকার জন্য প্রস্তুত করছেন। মিডল অর্ডারে জায়গা পাকা না হলেও, দরজা খুলে রাখছেন অন্তত সম্ভাবনার।