ফুটবল ট্রান্সফার মৌসুম মানেই গুঞ্জনের ঝড়। এর মাঝেই আলোচনায় উঠে এসেছে ইংল্যান্ড ও ইউরোপের বেশ কিছু ক্লাবের সম্ভাব্য চুক্তি।
নাপোলির নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর অসিমহেন বিশ্বসেরা নম্বর নাইনদের একজন। তার বাই আউট ক্লজ মাত্র ৬৪ মিলিয়ন ইউরো—যা তুলনামূলকভাবে ভিক্তর গিয়োকেরেস বা হুগো একিতিকে’র চেয়েও সস্তা। গালাতাসারাইয়ে লোনে খেলে সুপার লিগের সেরা গোলদাতা হওয়া এই ফরোয়ার্ডকে নিয়ে এখনও পর্যন্ত আর্সেনাল, লিভারপুল কিংবা ইউরোপের অন্য বড় দলগুলো নীরব!
নাপোলি অবশ্য অসিমহেনকে ছাড়তে রাজি, তবে এক শর্তে—সে যেন জুভেন্টাসে যোগ না দেয়। এই শর্তেই হয়তো গালাতাসারাইয়ের সঙ্গে স্থায়ী চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে।
ম্যানচেস্টার সিটি থেকে জ্যাক গ্রিলিশের ওয়েস্ট হ্যামে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছে। যদিও তার উচ্চ বেতন বড় বাধা হয়ে দাঁড়াতে পারে, তবে লোনে চুক্তির সম্ভাবনা রয়েছে। ‘কনটেন্ট’ প্রজন্মের জন্য এটা বাড়তি রসদ, কারণ গ্রিলিশ যদি ওয়েস্ট হ্যামে যান, তাহলে ক্লাবের মুখপাত্র ড্যানি ডায়ারের সঙ্গে তার জুটি হওয়াটা সময়ের ব্যাপার মাত্র! তবে এভারটনও তাকে নিজেদের ক্লাবে টানার চেষ্টা করছে—উত্তর-পশ্চিমে থেকে যাওয়ার লোভ দেখিয়ে।
গত মৌসুমে অ্যারন ওয়ান-বিসাকা ছিলেন 'হ্যামার অব দ্য ইয়ার', তারপরও আরেকজন রাইট-ব্যাক খুঁজছে ওয়েস্ট হ্যাম! এবার তাদের নজরে কাইল ওয়াকার-পিটার্স। ফ্রি এজেন্ট হওয়ায় ট্রান্সফার ফি নেই, তবে বেতনের বাড়তি চাপ ও সাইনিং বোনাস দিতে হবে। আগেই বেসিকতাস তার সঙ্গে চুক্তির কাছাকাছি পৌঁছেও পিছিয়ে গেছে, কারণ খেলোয়াড় নিজেই সময় চেয়েছিলেন। ফলে ওয়েস্ট হ্যাম এখন লড়াইয়ে এগিয়ে।
তামি আব্রাহাম ইতিমধ্যেই বেসিকতাসে লোনে গেছেন। তার ফাঁকা জায়গায় রোমা চাইছে ব্রাইটনের এভান ফার্গুসনকে। ওয়েস্ট হ্যামে লোনে গিয়ে গেল মৌসুমে আট ম্যাচে কোনো গোল পাননি তিনি। তবে প্রতিভা আছে, আর রোমের মতো শহর হয়তো তাকে পুরনো ছন্দে ফেরাতে পারে।
সবচেয়ে বড় খবর হলো—আর্সেনাল অবশেষে একজন স্ট্রাইকার কিনেছে! কিন্তু সেটা পোর্তুগালে খেলা কোনো দামি সুইডিশ নয়, বরং সালফোর্ড সিটির ১৭ বছর বয়সী উইল রাইট। বয়সভিত্তিক ফুটবলে ৫০ গোল করা এই প্রতিভাবানকে পেতে আর্সেনাল ব্যয় করেছে ২.৫ লাখ ইউরো। লিভারপুলও আগ্রহী ছিল, কিন্তু দাম মেলাতে পারেনি।
দুর্দান্ত সম্ভাবনা নিয়ে ডর্টমুন্ডে পা রাখা জিও রেইনা এবার যাচ্ছেন পারমায়। মাত্র ৫.৫ মিলিয়নে চুক্তি হতে যাচ্ছে আমেরিকান মালিকানাধীন এই ইতালিয়ান ক্লাবের সঙ্গে। পারমার কোচ এখন কার্লোস কুয়েস্তা—মাত্র ২৯ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড আগে ছিলেন মিকেল আর্তেতার সহকারী।
আরেকটি চমকপ্রদ তথ্য—ফ্লোরিয়ান উইর্টজকে লিভারপুলে আনার পেছনে বড় ভূমিকা রেখেছেন নতুন কোচ আর্নে স্লট। উইর্টজের বাবা জানালেন, ‘স্লট তার পজেশন ফুটবল, প্রেসিং কৌশল এবং ফ্লোরিয়ানের উন্নতির সুযোগ নিয়ে যেভাবে পরিকল্পনা তুলে ধরেছেন, তাতেই মুগ্ধ হয়েছে ফ্লোরিয়ান।’