হংকং পরীক্ষার আগে আরেক ম্যাচের পরিকল্পনা

অনেক নাটকের পর নেপালের বিপক্ষে সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে বাংলাদেশের দুটি প্রীতি ম্যাচ খেলা নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। অথচ আসছে উইন্ডোতে ফুটবল কর্তারা ইউরোপের কোনো দলের বিপক্ষে ম্যাচ আয়োজনের কথা বলেছিলেন। তবে ইউরোপের দলগুলোর সঙ্গে ব্যাটে-বলে মেলেনি। পরের ধাপে চেষ্টা ছিল দক্ষিণ-পূর্ব এশিয়ার কোনো দলের সঙ্গে ম্যাচ খেলার। এর মাঝেই নেপালের সঙ্গে আলোচনা এগুচ্ছিল তাদের। এক পর্যায়ে নেপালের বিপক্ষে ৬ ও ৯ সেপ্টেম্বর ম্যাচ খেলতে সম্মতি দেয় বাফুফে। এর দুদিন পর র‌্যাংকিংয়ে এগিয়ে থাকা ভিয়েতনাম খেলার আগ্রহ দেখালে নেপালকে না বলেছিল বাফুফে। পরে ভিয়েতনামের সঙ্গেও ম্যাচ চূড়ান্ত করতে ব্যর্থ হওয়ার পর নেপালের প্রস্তাবেই রাজি হয় বাংলাদেশ। তবে অক্টোবরে হংকংয়ের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের জোড়া ম্যাচের প্রস্তুতির প্রয়োজনে ফিফা উইন্ডোর বাইরে আরেকটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করেছে বাফুফে। এমনটাই জানিয়েছেন বাফুফের নির্বাহী সদস্য ও জাতীয় দল কমিটির সদস্য ইকবাল হোসেন।

নেপালে প্রীতি ম্যাচের প্রস্তুতির পরিকল্পনা সাজানোর পাশাপাশি বাফুফেকে একই সঙ্গে অনূর্ধ্ব-২৩ দলের এএফসি অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের পরিকল্পনাও করতে হচ্ছে। ভিয়েতনামে ৩ সেপ্টেম্বর সি গ্রুপে বাংলাদেশকে লড়তে হবে স্বাগতিক ভিয়েতনাম, ইয়েমেন ও সিঙ্গাপুরের সঙ্গে। এই বাছাইকে গুরুত্ব দিচ্ছে বাফুফে। তাই নেপালের বিপক্ষে জাতীয় দলের প্রীতি ম্যাচের পাশাপাশি একটা ভালো দল গঠন করে অনূর্ধ্ব-২৩ এর বাছাইয়ের প্রস্তুতির সুযোগ করে দিতে চায় তারা। জাতীয় দল থেকেও বেশ কজন তরুণকে অনূর্ধ্ব-২৩ দলে খেলানোর পরিকল্পনা রয়েছে। ইকবাল হোসেন জানালেন, ‘আমরা এই বাছাইটিকে একটু বেশি গুরুত্ব দিতে চাই, কারণ এই দলটি অলিম্পিক বাছাইপর্বেও অংশ নেবে। জাতীয় দলে যারা তরুণ রয়েছে, তাদের অনেকেই অনূর্ধ্ব-২৩ দলে খেলবেন। ইতালি প্রবাসী ফাহমিদুল ইসলাম ও সম্প্রতি বাংলাদেশের হয়ে খেলার ছাড়পত্র পাওয়া যুক্তরাজ্য প্রবাসী কিউবা মিচেলকে দেখা যেতে পারে যুব দলে।’

নেপালের বিপক্ষে প্রীতি সিরিজে বাংলাদেশকে খেলতে হবে হামজা চৌধুরী ও শমিত সোমকে ছাড়া। নিজ নিজ ক্লাবের হয়ে ব্যস্ততার কারণেই তাদের পাওয়া যাবে না বলে জানা গেছে। এ কারণেই হংকংয়ের বিপক্ষে জোড়া ম্যাচের সেরা প্রস্তুতির জন্য বাফুফে ভাবছে আরেকটি ম্যাচের কথা। তবে সেই ম্যাচের সম্ভাব্য তারিখ ও প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ইকবাল বলেন, ‘আমরা সম্ভাব্যতা যাচাই করছি। নেপাল সফরের পর আর হংকং ম্যাচের আগে আমরা একটি শক্তিশালী দলের বিপক্ষে ম্যাচ খেলতে চাচ্ছি। তবে কবে এবং কার বিপক্ষে ম্যাচ হবে, সেটা এখনই বলা যাচ্ছে না। আশা করছি কয়েকদিনের মধ্যেই আমরা একটা চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে পারব।’

এদিকে জাতীয় দলের দায়িত্বে হাভিয়ের কাবরেরা থাকলেও অনূর্ধ্ব-২৩ দলের কোচ এখনো চূড়ান্ত হয়নি।