চোখের সামনেই চোর এসে নিয়ে গেল ফরাসি কিংবদন্তির ট্রফি-পদক!

ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার মিশেল প্লাতিনির বাসায় বড় ধরনের চুরি হয়েছে। মার্শেইয়ের পূর্বাঞ্চলে অবস্থিত শহর কাসিসে অবস্থিত প্লাতিনির বাড়িতে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। চোর ৭০ বছর বয়সী প্লাতিনির বেশ কয়েকটি ট্রফি ও পদক নিয়ে গেছে। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

আরটিএল নিউজ জানিয়েছে, ভোর সাড়ে পাঁচটার দিকে বাড়ির বাগানে হঠাৎ কিছুর শব্দ শুনতে পান প্লাতিনি। বিষয়টি খতিয়ে দেখার জন্য বাইরে যেতেই দেখেন, জানালার পাশে হুডি ও কালো পোশাক পরা এক ব্যক্তি দাঁড়িয়ে আছেন। প্লাতিনিকে দেখেই সেই লোক পালিয়ে যায়। প্লাতিনি বুঝতে পারেন যে, তার ক্যারিয়ারের অনেকগুলো অর্জন চুরি হয়েছে।

বাগানের ভেতরে ছোট্ট একটি ঘরে কিছু ট্রফি ও পদক রেখেছিলেন প্লাতিনি। সেখান থেকেই ট্রফি এবং পদক মিলিয়ে প্রায় ২০টি পুরস্কার নিয়ে গেছে চোর। এই ঘটনা নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু করেছে মার্শেইয়ের পুলিশ। কী কী জিনিসপত্র চুরি গেছে এবং কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে সেসব যাচাই-বাছাই চলছে। এ বিষয়ে এখনো প্লাতিনির বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত উয়েফার সভাপতি পদে ছিলেন প্লাতিনি। তার নাম জড়িয়েছিল আর্থিক কেলেঙ্কারিতে। তবে গত মার্চে সেই অভিযোগ থেকে তিনি মুক্তি পান। খেলোয়াড়ী জীবনে তিনবার (১৯৮৩, ১৯৮৪, ১৯৮৫) ব্যালন ডি’অর জিতেছেন সাবেক এই অ্যাটাকিং মিডফিল্ডার। ফ্রান্স জাতীয় দলের জার্সিতে ৭২ ম্যাচে গোল করেছেন ৪১টি। খেলেছেন ১৯৮২ ও ১৯৮৬ বিশ্বকাপের সেমিফাইনাল।