শুবমান যেন নিজেকে কোহলি না ভাবে: মাঞ্জরেকার

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ১০:৪৪ এএম

ইংল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ভারতের নুতুন অধিনায়ক শুবমান গিলের আগ্রাসী নেতৃত্ব দেখা গেছে। সেইসঙ্গে আচরণেও মাঝেমধ্যে আগ্রাসী হয়েছেন। লর্ডস টেস্টে ইংলিশ ক্রিকেটারদের সঙ্গে বাগ্‌যুদ্ধে জড়িয়ে পড়েছিলেন। তার আচরণের সমালোচনা করে সঞ্জয় মাঞ্জরেকার বলেছেন, শুবমান যেন নিজেকে বিরাট কোহলি না ভাবেন।

ক্যারিয়ারজুড়েই আগ্রাসনের জন্য সুপরিচিত বিরাট কোহলি। অধিনায়ক থাকার সময় আগ্রাসন আরও বেশি ছিল। প্রতিপক্ষ ক্রিকেটারদের সঙ্গে ঝামেলা হলে বা কেউ স্লেজিং করলে সেটা কোহলিকে আরও তাতিয়ে দিত। ব্যাট হাতে তিনি আরও ভয়ংকর হয়ে উঠতেন। এজন্য শেষদিকে কোহলিকে নিয়ে ঘাটাঘাটি করত না প্রতিপক্ষ দলগুলো। মাঞ্জরেকারের মতে, শুবমানের ক্ষেত্রে তার উল্টোটাই হচ্ছে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ‘ক্রিকইনফো’কে মাঞ্জরেকার বলেছেন, ‘কোহলির সঙ্গে প্রতিপক্ষের ঝামেলা হলে সেটা তার রানের ক্ষুধা আরও বাড়িয়ে দিত। কোহলি আরও ভালো ব্যাটিং করত। শুবমানের ক্ষেত্রে সেটাই সবচেয়ে হতাশাজনক লেগেছে। সে কোন পথে হাঁটছে সেটাই ভাবছি! ব্যাটার শুবমানকে আগের মতো স্বাভাবিক দেখতে পাচ্ছিনা। ব্যাট করতে নামার সময় বেশ অস্থির লাগছিল।’

মাঞ্জরেকারের মতে, শুবমান আগে এ রকম ছিলেন না। অধিনায়ক হওয়ার পরেই তার এই রূপ দেখা যাচ্ছে,  ‘আজকাল স্টাম্প মাইকের সৌজন্যে সব কথাই আমাদের কানে আসে। শুবমান ব্যক্তিগত আক্রমণ করেছিল ইংলিশদের। যদি শুবমানের মধ্যে এই আগ্রাসন আগে থেকেই থাকে, তাহলে সেটা দেখা যায়নি কেন? অধিনায়ক হলেই আগ্রাসী হতে হবে এমন কোনো মানে নেই।’

মাঞ্জরেকার আর্ বলেছেন, ‘এই সিরিজে রান পেয়েছে বলেই কি আচমকা শুবমানের আত্মবিশ্বাস বেড়ে গেছে? কোহলির মধ্যে আগ্রাসন সব সময়েই ছিল। সে যখন অধিনায়ক ছিল না, তখনও তার মানসিকতা একই রকম থেকেছে। কোহলি সবসময় খেলার মাঝে ডুবে যেত। শুবমানকে আগে কোনো দিন এভাবে দেখিনি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত