ইতিহাসে দ্বিতীয়বারের মতো মেয়েদের ইউরোর সেমিফাইনালে উঠেছে স্পেন। কোয়ার্টার ফাইনালে দুটি পেনাল্টি মিস করেও তারা ২-০ গোলে হারিয়ে দিয়েছে সুইজারল্যান্ডকে। মেয়েদের ইউরোতে এটি স্পেনের নকআউট ম্যাচে পাওয়া প্রথম জয়। এর আগে ১৯৯৭ সালে তারা সেমিফাইনালে উঠেছিল।
বাংলাদেশ সময় শুক্রবার রাতে সুইজারল্যান্ডের বার্নে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল স্পেন। ৯ম মিনিটে পেনাল্টি পেয়েও সুযোগ কাজে লাগাতে পারেননি স্পেনের মারিওনা কালদেনতেই। প্রথমার্ধে কোনো গোল হয়নি। বিরতির পর ৫ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় স্পেন। ৬৬ মিনিটে প্রথম গোল করেন অ্যাথেনা দেল কাসতিল্লো। এরপর ৭১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ক্লাউদিয়া পিনা।
এই দুই গোলের পর আর ম্যাচে ফেরার কোনো সুযোগ পায়নি সুইজারল্যান্ড। শেষ আট থেকেই বিদায় নিতে হয় স্বাগতিকদের। ম্যাচের ৮৮ মিনিটে অ্যালেক্সিয়া পুতেয়াস দ্বিতীয় পেনাল্টি মিস না করলে স্পেন আরও ব্যবধান বাড়াতে পারত। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স–জার্মানি ম্যাচে বিজয়ী দলের বিপক্ষে আগামী বুধবার জুরিখে সেমিফাইনালে মুখোমুখি হবে স্পেন।