সোনার তৈরি সবচেয়ে দামি জার্সি পরে মাঠে নামছেন গেইলরা 

বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫-এ নতুন এক চমক নিয়ে হাজির হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দল। শুধু ক্যারিবীয় ধাঁচের ক্রিকেট নয়, দলটি এবার মাঠে নামবে ইতিহাসের সবচেয়ে দামি জার্সি পরে—যেখানে থাকছে খাঁটি ১৮ ক্যারেট স্বর্ণের ছোঁয়া।

ক্রিস গেইল, কাইরন পোলার্ড, ডোয়াইন ব্রাভোর মতো তারকারা এই নতুন জার্সিতে খেলতে নামবেন, যা ডিজাইন করেছে দুবাই-ভিত্তিক বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড লরেঞ্জ। ব্র্যান্ডটি এই বিশেষ জার্সি তৈরি করেছে ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলের মালিক চ্যানেল ২ গ্রুপ করপোরেশন। 

শুক্রবার থেকে ইংল্যান্ডে শুরু এই প্রতিযোগিতায় আজ এবি ডিলিভিয়ার্সের দক্ষিণ আফ্রিকার সঙ্গে প্রথম ম্যাচ খেলবে গেইলের ওয়েস্ট ইন্ডিজ। 

এই বিশেষ জার্সিটি তৈরি হয়েছে খাঁটি ১৮ ক্যারেট সোনা দিয়ে, এবং আসবে তিনটি ভিন্ন সংস্করণে- ৩০ গ্রাম, ২০ গ্রাম ও ১০ গ্রাম সোনার অলংকরণ সহ। লরেঞ্জের প্রতিষ্ঠাতা রাজ করণ দুগ্গাল বলেন, 'এই জার্সি কেবল খেলাধুলার পোশাক নয়—এটি একটি জীবন্ত ইতিহাস। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটের ঐতিহ্য, সংস্কৃতি এবং রাজকীয় ভাবমূর্তিকে ধারণ করে তৈরি এই পোশাক বিশ্বমঞ্চে বিলাসিতার প্রতীক হয়ে উঠবে।'

জার্সির ডিজাইনে ফুটে উঠেছে ক্যারিবীয় ক্রিকেটের উত্থান, ক্লাইভ লয়েড থেকে শুরু করে ক্রিস গেইল পর্যন্ত কিংবদন্তিদের যাত্রাপথ।
'ওয়েস্ট ইন্ডিজ চ্যাম্পিয়নস দলে অনেক কিংবদন্তি রয়েছেন। এই জার্সি তাঁদের জন্য একটি যোগ্য শ্রদ্ধা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস বিশ্বের অন্যতম সেরা প্রতিযোগিতা, আর আমরা এবার শিরোপা জয়ের লক্ষ্যেই মাঠে নামছি' বলেছেন চ্যানেল ২ গ্রুপ করপোরেশনের চেয়ারম্যান অজয় শেঠি।