পাটোয়ারীর বক্তব্যের জের

চকরিয়ায় এনসিপির সভা ভণ্ডুল, বিএনপির বিক্ষোভ

কক্সবাজারের চকরিয়ায় এনসিপির নির্ধারিত পথসভা ভন্ডুল হয়ে গেছে। জেলা শহরে আয়োজিত জনসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতাদের অবমাননাকর বক্তব্যের জেরে এ ঘটনা ঘটেছে। সেখানে বিএনপি ও স্থানীয় উত্তেজিত জনতা গাড়িতে নির্মিত পথসভার অস্থায়ী মঞ্চটি ভেঙ্গে ফেলে।

শনিবার (১৯ জুলাই) বিকাল সোয়া ৪ টায় চকরিয়া উপজেলা সদরের জনতা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, এনসিপির কেন্দ্রিয় নেতাদের বহনকারি গাড়ীরবহর আইনশৃংখলা বাহিনীর পাহারায় ইতিমধ্যে কক্সবাজার জেলার সীমানা পার করে দেয়া হয়েছে। 

এদিকে, এনসিপির কেন্দ্রিয় নেতারা কক্সবাজার জেলা ত্যাগ করলেও চট্টগ্রামের লোহাগড়া থেকে ঘুরে আবারও চকরিয়ার দিকে যাত্রা দেয়ার খবর মিলেছে। চকরিয়ায় এখন দোকান পাট বন্ধ রয়েছে।

শনিবার দুপুরে কক্সবাজার জেলা শহরে আয়োজিত জনসভায় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী বলেন, আওয়ামী লীগের আমলে নারায়নগঞ্জের বিখ্যাত গডফাদার ছিল শামীম ওসমান। এখন শুনছি, কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে। ঘের দখল করছে, মানুষের জায়গাজমি দখল করছে, চাঁদাবাজ দখল করছে। আবার সে নাকি সংস্কার বুঝে না। নাম না বললাম। কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী, যে পিআর বুঝে না, তাদের রাজপথে ঠেকিয়ে দেবেন ইনশাআল্লাহ।

এ বক্তব্যে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমদকে অবমাননা করা হয়েছে বলে জেলাব্যাপী বিএনপি বিক্ষোভ মিছিল করছে।