আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শ্রীলঙ্কার কলম্বোতে শুরু হবে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপ। সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনে সাত সদস্য দেশ এই বয়সভিত্তিক আসরে অংশ নেবে।
এ উপলক্ষ্যে রবিবার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে আসরের ড্র। বাংলাদেশ তিন দলের এ গ্রুপে খেলবে স্বাগতিক শ্রীলঙ্কা ও নেপালের বিপক্ষে। আর বি গ্রুপে গত আসরের চ্যাম্পিয়ন ভারতকে খেলতে হবে চার দলের বি গ্রুপে পাকিস্তান, নেপাল ও মালদ্বীপের সঙ্গে।
গত বছর ভুটানে অনুষ্ঠিত এই আসরের ফাইনালে ভারতের কাছে ২-০ ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার অবশ্য তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ। প্রতি গ্রুপ থেকে সেরা দুটি দল সেমিফাইনালে খেলবে। শ্রীলঙ্কা ও নেপালের সঙ্গে সেই লড়াইটা বাংলাদেশের জন্য কঠিন হওয়ার কথা নয়। আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৭ সেপ্টেম্বর।
রবিবার বয়সভিত্তিক টুর্নামেন্টের ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টাল এবং ঢাকায় চলমান সাফ ওমেন্স অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া চার দলের কোচ ও অফিসিয়ালরা।
এ গ্রুপ: শ্রীলঙ্কা, বাংলাদেশ, নেপাল
বি গ্রুপ: ভারত, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ