ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসের বর্তমান আসরে রবিবার এজবাস্টনে হওয়ার কথা ছিল ভারত ও পাকিস্তান লেজেন্ডসদের হাইভোল্টেজ ম্যাচ। কিন্তু জম্মু-কাশ্মীরের পাহালগামে এ বছরের এপ্রিলে হওয়া সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে ভারতীয় খেলোয়াড়দের প্রতিবাদ ও বয়কট ঘোষণায় ম্যাচটি বাতিল ঘোষণা করেছে আয়োজকরা।
ভারতীয় দলে থাকা একাধিক সাবেক তারকা—শিখর ধাওয়ান, হরভজন সিং, সুরেশ রায়না, ইরফান পাঠান ও ইউসুফ পাঠান—সবাই একযোগে পাকিস্তানের বিপক্ষে না খেলার সিদ্ধান্ত নেন। এরপরেই আয়োজকদের পক্ষ থেকে ম্যাচ বাতিলের ঘোষণা আসে।
শনিবার গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় নিজের অবস্থান স্পষ্ট করে শিখর ধাওয়ান লেখেন, 'চলমান ভূরাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় আমি এবং আমার দল পাকিস্তানের বিপক্ষে কোনো ম্যাচে অংশ নেব না। ১১ মে তারিখে ফোন ও হোয়াটসঅ্যাপ আলোচনায় আমরা আগেই আয়োজকদের আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি।'
তিনি আরও লেখেন, 'আশা করি লিগ কর্তৃপক্ষ আমাদের অবস্থান বুঝবে এবং সহযোগিতা করবে।'
রবিবার ভোরে একটি আনুষ্ঠানিক বিবৃতিতে ম্যাচ বাতিলের ঘোষণা দেয় আয়োজক কর্তৃপক্ষ। তারা লেখে, 'ভারতীয় কিংবদন্তিদের অস্বস্তিতে ফেলার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আমাদের উদ্দেশ্য ছিল বিশ্বজুড়ে কিছু আনন্দের মুহূর্ত তৈরি করা। কিন্তু সেটা করতে গিয়ে হয়তো অনেকের আবেগে আঘাত দিয়েছি। এজন্য আমরা দুঃখ প্রকাশ করছি এবং ভারত-পাকিস্তান ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছি।'
২০২৪ সালের প্রথম আসরে এজবাস্টনেই ফাইনালে মুখোমুখি হয়েছিল ভারত ও পাকিস্তান লেজেন্ডস। পাঁচ উইকেটে জয় পেয়েছিল ভারতীয় দল। তাই এবারের ম্যাচ নিয়ে ছিল আলাদা আগ্রহ। তবে রাজনৈতিক বাস্তবতায় গা ভাসিয়েছে আয়োজকরাও।
বিতর্কিত পাকিস্তান ম্যাচ বাতিল হলেও ভারতীয় দল পরবর্তী ম্যাচগুলো খেলবে। ২২ জুলাই তারা খেলবে দক্ষিণ আফ্রিকা লেজেন্ডসের বিপক্ষে, নর্থহ্যাম্পটনে। এরপর যথাক্রমে ২৬ জুলাই অস্ট্রেলিয়া, ২৭ জুলাই ইংল্যান্ড এবং ২৯ জুলাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলবে যুবরাজ সিংদের নিয়ে গঠিত ইন্ডিয়া চ্যাম্পিয়নস।
মোহাম্মদ হাফিজের নেতৃত্বাধীন পাকিস্তান লেজেন্ডস তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে ২৫ জুলাই, লেস্টারে। প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে পাঁচ রানে হেরে গেছে তারা।