পেনাল্টি ছাড়া গোলে রোনালদোকে পেছনে ফেললেন মেসি

আপডেট : ২০ জুলাই ২০২৫, ১১:১৩ এএম

ফুটবল মাঠে তাদের দ্বৈরথ প্রায় দুই দশকের। একে অন্যকে ছুঁয়ে যাওয়ার, কখনো ছাড়িয়ে যাওয়ার লড়াইয়ে কতো ইতিহাসই না লেখা হয়েছে। তবে এবার এক অনন্য পরিসংখ্যানে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ছাড়িয়ে গেলেন লিওনেল মেসি।

পেনাল্টি ছাড়া গোলের সংখ্যায় এখন শীর্ষে আর্জেন্টাইন মহাতারকা। আজ মায়ামির হয়ে জোড়া গোল করে নিজেকে তুলে নিয়েছেন একধাপ ওপরে। রোনালদোর ৭৬৩ গোলকে টপকে মেসির ঝুলিতে এখন ৭৬৪টি নন-পেনাল্টি গোল।

আরও অবাক করা তথ্য হলো, এই কীর্তি গড়তে মেসির ম্যাচ সংখ্যাও রোনালদোর চেয়ে অনেক কম। যেখানে রোনালদো খেলেছেন ১ হাজার ২৬১ ম্যাচ, সেখানে মেসির ম্যাচ সংখ্যা ১ হাজার ৪৬। মেসির চেয়ে ২১৫ ম্যাচ বেশি খেলার অভিজ্ঞতা পর্তুগিজ মহাতারকার।

সব মিলিয়ে রোনালদোর মোট গোল সংখ্যা ৯৩৮, আর মেসির ৮৭৪। তবে গোলের এই লড়াই শুধু সংখ্যা দিয়ে নয়, স্মৃতি দিয়েও রচিত। আর প্রতিটি গোল যেনো নতুন করে লিখে দেয় ইতিহাসের পাতায় দুজনের কিংবদন্তি হয়ে ওঠার গল্প।

এখন প্রশ্ন একটাই—শেষ পর্যন্ত কে এগিয়ে থাকবেন এই অনন্য রেকর্ডের শীর্ষে? উত্তরের জন্য অপেক্ষা করতেই হবে আরও কিছু ম্যাচ। তবে আপাতত, গোলের এই অধ্যায়ে এগিয়ে আছেন লিওনেল মেসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত