নান্দাইলে প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষকের 

ময়মনসিংহের নান্দাইলে প্রাইভেটকারের ধাক্কায় মাহমুদুল হাসান মামুন (৩৭) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। রবিবার (২০ জুলাই) সকালের দিকে উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের চরশ্রীরামপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।

মামুন একই এলাকার মো. হাইমদ্দীনের ছেলে। তিনি স্থানীয়  মারকাজুল সুন্নাহ্ মাদ্রাসার মুহতামিম হিসেবে দায়ীত্ব পালন করছিলেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মামুন নিজ মাদ্রাসা সংলগ্ন ত্রিশাল- কানুরামপুর আঞ্চলিক সড়কের পাশেই কাজ করছিলেন। হঠাৎ ত্রিশাল থেকে আসা দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চালককে স্থানীয়দের সহযোগিতায় আটক করা হয়েছে এবং গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।