টাঙ্গাইলের মির্জাপুরে চায়ের দোকানের আড়ালে মদ বিক্রি করতেন সম্রাট সিকদার (৩৫)। কোমল পানীয় ‘স্পিড’-এর বোতলে মদ ভরে বিক্রি করতেন তিনি।
এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১০ লিটার দেশীয় মদসহ তাকে আটক করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। অভিযানকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
রবিবার (২০ জুলাই) দুপুরে উপজেলার গোড়াই ইউনিয়নের সোহাগপাড়া বাজার থেকে সম্রাট শিকদারকে আটক করা হয়। তিনি ওই ইউনিয়নের জয়ের পাড়া গ্রামের আজাহার শিকদারের ছেলে বলে জানা গেছে।
এছাড়া একই দিন বিকালে মির্জাপুর পৌরসভা বংশাই রেলক্রসিং এলাকা থেকে রাজিব মিয়া (৩০) নামক এক মাদকসেবীকে আটক করে ৩ মাসের জেল ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান বলেন, আটক সম্রাট শিকদারের নামে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।