গাজীপুরের কাপাসিয়ার বারিষাব ইউনিয়নের কির্ত্তুনিয়া গ্রামে মাদকাসক্ত যুবক আসাদুল্লাহর ছুড়িকাঘাতে প্রতিবেশী আরিফুল ইসলাম (৩৬) নামে এক যুবক নিহত হয়েছেন। আজ রবিবার দুপুরে এই ঘটনা ঘটে।
নিহত আরিফুল গ্রামের মৃত আব্দুল মালেক ভূইয়ার ছেলে এবং কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের অফিস সহায়ক (দপ্তরি) পদে কর্মরত ছিলেন। আর ঘাতক আসাদুল্লাহ একই গ্রামের মৃত ফাইজুদ্দিন ফকিরের ছেলে।
কির্ত্তুনিয়া ইছব আলী ভূঁইয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনের দোকানী প্রত্যক্ষদর্শী মো. হিরণ মিয়া জানান, দুপুর সাড়ে ১২টার দিকে আরিফুল তার দোকানে এসে বসেছিলেন। কিছুক্ষণ পর আসাদুল্লাহ এসে পেছন দিক থেকে ছুরি পিঠে ঢুকিয়ে দিয়ে দৌড়ে চলে যান। এ সময় আরিফুল চিৎকার দিয়ে ছুরিটি বের করেন। আশপাশের লোকজন ছুটে এসে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে উত্তেজিত জনগণ বাড়িতে হামলা চালিয়ে আসাদুল্লাহকে আটক করে বিদ্যালয়ের সামনে এনে বেঁধে রেখে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
বারিষাব ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মো. সুলতানউদ্দিন জানান, আসাদুল্লাহ স্থানীয় বীরউজুলী ও টোক বাজার থেকে কিশোরগঞ্জ সড়কে সিএনজি চালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তিনি মাদকাসক্ত হওয়ায় এলাকায় লোকজনের সঙ্গে তেমন ভালো সম্পর্ক ছিল না।
কাপাসিয়া থানার ওসি মোহাম্মদ জয়নাল আবেদীন মন্ডল জানান, প্রায় দুই বছর আগে আসাদুল্লাহর অটো রিকশায় আরোহণ করে আরিফুল ভাড়া দেয়নি বলে দাবি করলে গত শনিবার বিকেলে দুজনের মাঝে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আসাদুল্লাহকে আরিফুল কয়েকটি চর থাপ্পর দিলে সেই ক্ষোভ থেকেই পরের দিন এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন বলে প্রাথমিকভাবে আসাদুল্লাহ স্বীকার করেছেন।