যুক্তরাষ্ট্র

উড্ডয়নের পর পরই ইঞ্জিনে আগুন, বিমানের জরুরি অবতরণ

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০৮:২২ পিএম

যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পর পরই ইঞ্জিনে আগুন লাগায় জরুরি অবতরণ করে ফিরে এসেছে একটি বিমান। শুক্রবার (১৮ জুলাই) দেশটির লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটলান্টাগামী ফ্লাইটে এ ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, বিমানের বা পাশের ইঞ্জিনে আগুনের শিখা জ্বলছে।

অ্যাভিয়েশন এটুজেড-এর প্রতিবেদন অনুযায়ী, বিমানটি রানওয়ে থেকে উড্ডয়নের পরপরই ইঞ্জিনে আগুন লাগে। পাইলট সঙ্গে সঙ্গে জরুরি বার্তা দিয়ে বিমানবন্দরে ফিরে আসার প্রস্তুতি নেন। পরে এয়ার ট্রাফিক কন্ট্রোল বিমানটিকে নিরাপদে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা দেয়।

ফ্লাইটরাডার টুয়েন্টিফোর-এর ডেটা থেকে জানা যায়, বিমানটি প্রথমে প্রশান্ত মহাসাগরের ওপরে কিছুটা উড়ে যায়, এরপর ডাউনি ও প্যারামাউন্ট অঞ্চলের ওপর দিয়ে চক্কর দিতে দিতে ফিরে আসে।

ডেল্টা ফ্লাইট ৪৪৬– বোয়িং ৭৬৭ মডেলের এই বিমানটিতে ছিল ২২৬ জন যাত্রী ও ৯ জন ক্রু। বিমানটি অবতরণের পরই ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিভিয়ে ফেলে। যাত্রীদের কারও চোট বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিমানে কী কারণে আগুন লেগেছিল তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।  যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন ইতিমধ্যেই একটি তদন্ত শুরু করেছে।

ডেল্টা এয়ারলাইন্সের এক মুখপাত্র বিবিসিকে জানান, ‘ডেল্টা ফ্লাইট ৪৪৬ বিমানের বাম ইঞ্জিনে সমস্যা শনাক্ত হওয়ার পর তা লস অ্যাঞ্জেলেসে ফিরে আসে।’

চলতি বছরের এপ্রিল মাসে ডেল্টা এয়ারলাইন্সের আরেকটি বিমান অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দরে ইঞ্জিনে আগুন লাগার কারণে আলোচনায় আসে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত