ইরানে তাপমাত্রা ৫০ ডিগ্রি, পানির সংকট তীব্র

ইরানে তীব্র তাপপ্রবাহে পানির সংকট চরম আকার ধারণ করেছে। এ অবস্থায় কর্তৃপক্ষ বাসিন্দাদের সীমিত পরিমাণ পানি ব্যবহারের আহ্বান জানিয়েছে। দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর জানায়, চলতি বছরের মধ্যে এ সপ্তাহে ইরানে সবেচেয়ে বেশি গরম পড়েছে। কিছু এলাকায় তাপমাত্রা ৫০ ডিগ্রি ছাড়িয়ে গেছে। খবর আল জাজিরা  

সরকারের মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানী রবিবার এক্স পোস্টে বলেছেন, চলমান তাপপ্রবাহের কারণে তেহরানে বুধবার জাতীয়ভাবে ছুটি ঘোষণা করা হয়েছে। চলমান তাপপ্রবাহের কারণে পান ও বিদ্যুতের প্রয়োজনীয়তার কথা বিবেচনা করে বুধবার ছুটি ঘোষণা করা হয়। 

দেশটির আবহাওয়া দপ্তর জানায়, রবিবার তেহরানে তাপমাত্র ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার তাপমাত্রা ৪১ ডিগ্রি ছাড়িয়ে যাবে।

আইএসএনএ’র প্রতিবেদনে বলা হয়, তেহরান সিটি কাউন্সিলের চেয়ারম্যান মেহদি চামরান বাসিন্দাদের ‘পানি সরবরাহে ঘাটতি এড়াতে পানি সাশ্রয় করার’ আহ্বান জানিয়েছেন। সম্প্রতি ইরান জুড়েই এ ধরনের আহ্বান জানানো হয়। একাধিক প্রদেশের বাসিন্দাদের পানি ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। 

ইরানের রাজধানী তেহরানের পানি ব্যবস্থাপনা কোম্পানি বাসিন্দাদের অন্তত ২০ শতাংশ পানি ব্যবহার কমাতে আহ্বান জানিয়েছে।একটি বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, কয়েক বছর ধরে টানা বৃষ্টিপাত কমে যাওয়ার ফলে তেহরানে পানি সরবরাহকারী বাঁধগুলোর জলাধার বর্তমানে গত একশ বছরের মধ্যে সর্বনিম্ন স্তরে পৌঁছেছে। 

শনিবার রক্ষণশীল পত্রিকা জাভানের প্রতিবেদনে বলা হয়েছে, সংকট মোকাবিলায় কর্তৃপক্ষ রাজধানীর কিছু অংশে পানি সরবরাহ কমিয়ে দিয়েছে, যার ফলে কিছু এলাকায় ‘১২ থেকে ১৮ ঘণ্টা পর্যন্ত পানি বন্ধ’ থাকছে।

পানি সরবরাহ কমিয়ে দেয়ার কারণে বাসিন্দাদের কাছে ক্ষমা চেয়েছেন দেশটির জ্বালানি মন্ত্রী আব্বাস আলিয়াবাদি। তিনি বলেন, যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে দ্রুত সমস্যার সমাধান করা হবে।