নরসিংদীর চরাঞ্চলে সংঘর্ষে নিহত ১ 

নরসিংদীর রায়পুরার চরাঞ্চল সায়দাবাদে আধিপত্য বিস্তারকে ঘিরে দুই গ্রুপের সংঘর্ষে মোমেনা খাতুন (৫০) নামে এক নারী নিহত হয়েছেন। নিহতের পরিবারের দাবি গুলির আঘাতে মারা গেছেন ওই নারী।

সোমবার (২১ জুলাই) সকালে শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদে এই ঘটনা ঘটে। এছাড়া আহত হন পাঁচজন। নিহত মোমেনা সায়দাবাদ গ্রামের আক্তার মিয়ার স্ত্রী।

আহতরা হলেন- মহরম আলীর ছেলে নাজিমুদ্দিন (৪৫), সিয়াম (১৬), মাহিন (২০), তাজুল ইসলাম, ও রানা (২০)।

স্থানীয়রা জানায়, গত কয়েক বছর ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  রায়পুরার চরাঞ্চল সায়দাবাদ এবং বালুরচর এলাকার মধ্যে কোন্দল চলছিলো। তার জেরেই আজ ভোরে বালুর চরের লোকজন সায়দাবাদ গ্রামে এসে অতর্কিত হামলা চালায় বালুচরের এরশাদ গ্রুপ। এসময় সায়দাবাদ গ্রামের হানিফ মাস্টারের গ্রুপের মোমেনা খাতুন নামে ওই নারী নিহত হন। এরপর থেকে রায়পুরার চরাঞ্চলে দুই গ্রুপের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার (ক্রাইম এন্ড অপস্) জানান, সকালে রায়পুর চরাঞ্চালে দুই গ্রামের মধ্য সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।