বিদেশি লিগে এবার শামসুন্নাহার-তহুরা

এএফসি নারী এশিয়ান কাপে ইতিহাস গড়া বাংলাদেশের দুই ফরোয়ার্ড এবার পা রাখলেন বিদেশি লিগে। মিয়ানমারে অনুষ্ঠিত বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্সের পর সোমবার (২১ জুলাই) সকালে ভুটানের উদ্দেশে দেশ ছেড়েছেন শামসুন্নাহার জুনিয়র ও তহুরা খাতুন। তারা দুজনই খেলবেন ভুটানের নারী ফুটবল লিগের ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়ে।

এই দুই ফরোয়ার্ডের যোগদানের মাধ্যমে চলতি মৌসুমে ভুটানের লিগে বাংলাদেশের নারী ফুটবলার দাঁড়াল ১২ জনে। ভুটনে পাড়ি দেওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমে তহুরা লেখেন, ‘ভুটানের উদ্দেশে রওনা দিচ্ছি। নতুন পথচলা। সবাই দোয়া করবেন।’

জাতীয় দলের হয়ে সদ্য শেষ হওয়া এশিয়ান কাপ বাছাই পর্বে দুজনই করেছেন তিনটি করে গোল। গোল, গতি ও কৌশলের ঝলকে নজর কেড়েছেন স্কাউটদেরও।

ভুটানের তিনটি ক্লাবে খেলছেন বাংলাদেশের ১০ নারী ফুটবলার:

থিম্পু সিটি: সানজিদা আক্তার, মারিয়া মান্দা, শামসুন্নাহার সিনিয়র

প্যারো এফসি: সাবিনা খাতুন, মনিকা চাকমা, ঋতুপর্ণা চাকমা, মাতসুশিমা সুমাইয়া

ট্রান্সপোর্ট ইউনাইটেড: মাসুরা পারভীন, রুপনা চাকমা, কৃষ্ণা রানী সরকার

রয়্যাল থিম্পু কলেজে যোগ দিয়ে শামসুন্নাহার জুনিয়র ও তহুরা এই তালিকায় যুক্ত হলেন। পাশাপাশি, জানা গেছে, আরও তিন ফুটবলার—শিউলি আজিম, নিলুফা ইয়াসমিন ও লিপি আক্তার—চুক্তিবদ্ধ হয়েছেন প্যারো এফসির সঙ্গে। তাদেরও খুব শিগগিরই দলের সঙ্গে যোগ দেওয়ার কথা।

ভুটান ছাড়াও বাংলাদেশের নারী ফুটবলারদের রয়েছে মালদ্বীপ ও ভারতের লিগে খেলার অভিজ্ঞতা। সাবিনা খাতুন এর আগেও খেলেছেন ভারতের ক্লাব এবং মালদ্বীপের লিগে। সানজিদা আক্তার খেলেছেন ইস্ট বেঙ্গলের হয়ে।

গত বছর আগস্টেও ভুটানের লিগে খেলেছিলেন বাংলাদেশের চার ফুটবলার—সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকা। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্রাথমিক পর্বের লক্ষ্য নিয়ে তাদের দলে নিয়েছিল প্যারো এফসি।

জাতীয় দলের বাইরেও বিদেশি লিগে খেলার এই ধারাবাহিকতা নারী ফুটবলারদের আন্তর্জাতিক অভিজ্ঞতা যেমন সমৃদ্ধ করছে, তেমনি দেশীয় ফুটবলের জন্যও দিচ্ছে নতুন এক আশার আলো।