ওল্ড ট্র্যাফোর্ড টেস্টের আগে ভারত দলে চোটের হানা

চোট ভারতীয় ক্রিকেট দলের পিছু ছাড়ছে না। এবার নতুন সংযোজন নিতিশ কুমার রেড্ডি। চোটের কারণে সিরিজের বাকি অংশ থেকে ছিটকে গেছেন এই পেস বোলিং অলরাউন্ডার।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সোমবার বিবৃতিতে জানিয়েছে, বাঁ পায়ের হাঁটুতে চোট পেয়েছেন নিতিশ। শিগগিরই দেশে ফিরে যাবেন চলতি সফরে দুটি টেস্ট খেলা ২২ বছর বয়সী এই ক্রিকেটার। ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, জিম করার সময় চোট পান নিতিশ।

অ্যান্ডারসন-টেন্ডুলকার ট্রফির প্রথম টেস্টে খেলার সুযোগ পাননি নিতিশ। পরে তাকে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে খেলেন তিনি। ভারতের হয়ে এখন পর্যন্ত ৭ টেস্ট খেলেছেন নিতিশ। এক সেঞ্চুরিতে রান ৩৪৩, উইকেট নিয়েছেন ৮টি।

বিসিসিআইয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওল্ড ট্র্যাফোর্ড টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি পেসার আর্শদিপ সিংও। নেটে বোলিং অনুশীলনের সময় বাঁ হাতের বৃদ্ধাঙ্গুলে চোট পেয়েছেন তিনি।