বগুড়ার শেরপুর

গ্রেপ্তার আ. লীগ নেতাকে ফের ছিনিয়ে নিল, হামলায় ৪ পুলিশ সদস্য আহত

বগুড়ার শেরপুরে সিরাজুল ইসলাম নামে এক আওয়ামী লীগ ও এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করতে গিয়ে হামলার শিকার হয়েছে পুলিশ সদস্যরা। সিরাজুলের স্বজনদের অতর্কিত হামলায় ৪ পুলিশ সদস্য আহত হন।

খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে আহতদের উদ্ধার এবং হামলার ঘটনায় জড়িত অভিযোগে ৩ জনকে আটক করা হয়। সোমবার বেলা আড়াইটার দিকে উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া দহপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন- শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সরাফত জামান, কনস্টেবল সিরাজুল ইসলাম, মো. নূরনবী ও আইনুল হক। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আটকরা হলেন- শেরুয়া দহপাড়া গ্রামের সিরাজুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম (৪৮), ছেলে নজরুল ইসলাম ওরফে লিটন (৩৫) ও পুত্রবধূ কামরুন নাহার ওরফে রিমা (২৫)।

থানা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা হয়। এতে শেরুয়া দহপাড়ার সিরাজুল ইসলাম নামের এক ব্যক্তিকে ১০৭ নম্বর আসামি করা হয়। তিনি স্থানীয় আওয়ামী লীগের সহসভাপতি।

পুলিশ জানিয়েছে, আজ দুপুরে সিরাজুলকে গ্রেপ্তারের পর তাকে থানায় আনার পথে তার ছেলে নজরুল ইসলাম লিটন ও ভাতিজাসহ পরিবারের প্রায় ২০-২৫ জন নারী-পুরুষ আকস্মিক পুলিশের ওপর হামলা চালায় এবং ধস্তাধস্তির মাধ্যমে আসামিকে ছিনিয়ে নেয়।

অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট) সজীব শাহরীন জানান, নাশকতা মামলার আসামি সিরাজুল ইসলামকে গ্রেপ্তারের সময় তার পরিবারের লোকজন অতর্কিত হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, গত বছর ৮ অক্টোবর সিরাজুল ইসলামকে পুলিশ গ্রেপ্তার করলে একই কায়দায় মারধর করে ছিনিয়ে নেওয়া হয়েছিল। ওই ঘটনায় জড়িত থাকায় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জাহিদুল ইসলামকে দল থেকে বহিষ্কার করা হয়।