সিরিজে প্রতিদ্বন্দ্বিতা ভুলে গেছে দুই দল। উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে ২৭ জনের, যাদের মধ্যে ২৫ জনই শিশু। হাসপাতালে এখনও চিকিৎসাধীন আরও অনেকে। এই হৃদয়বিদারক ঘটনার রেশ পড়েছে ক্রিকেট মাঠেও।
বাংলাদেশ সফরে থাকা পাকিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা এবং দলে না থেকেও শোক প্রকাশ করেছেন আরও অনেক ক্রিকেটার।
প্রথম টি-টোয়েন্টিতে হেরে সিরিজে পিছিয়ে পড়লেও পাকিস্তানের শিবিরে এখন খেলাধুলার চেয়ে বড় হয়ে উঠেছে মানবিক অনুভব।
নিজের দেশে থাকলেও সহমর্মিতা প্রকাশ করেছেন পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদি। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর ‘এক্স’ হ্যান্ডলে তিনি লেখেন,‘হৃদয়বিদারক এবং মর্মান্তিক। বাংলাদেশে বিমান দুর্ঘটনায় হতাহতদের জন্য প্রার্থনা। পরিবারগুলো যেন শক্তি ফিরে পায় এবং অলৌকিক কিছুর আশায় আছি।’
দলে না থাকলেও বাংলাদেশের প্রতি ভালোবাসার বার্তা দিয়েছেন হাসান আলী ও নাসিম শাহ। হাসান নিজের ফেসবুকে লিখেছেন,‘ঢাকার মর্মান্তিক খবরে শোকাহত। অনেকগুলো নিষ্পাপ প্রাণ অকালে ঝরল। হতাহত এবং তাদের পরিবারের সঙ্গে আছে আমার হৃদয়।’
নাসিম শাহ তার পোস্টে জানান,‘বাংলাদেশ থেকে মর্মান্তিক খবর পেলাম, যে দেশটা আমার হৃদয়ের খুব কাছের। এই বিধ্বংসী দুর্ঘটনায় সবাই যেন শান্তি ফিরে পায়।’
প্রথম ম্যাচে ৪৪ রান করা ওপেনার ফখর জামান লেখেন,‘আজকের মর্মান্তিক ঘটনায় খুব খারাপ লাগছে। আক্রান্ত পরিবারগুলোর জন্য দোয়া রইল।’
শোক জানিয়েছে বাংলাদেশ দলের বর্তমান ও সাবেক ক্রিকেটাররাও। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানায়, মঙ্গলবার দ্বিতীয় টি-টোয়েন্টি শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন দুই দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। মাঠে গানবাজনা থাকবে না, জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বিসিবির সব ভেন্যুতে।