টু ক রো  খ ব র

‘ইপিএলে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে’

২০২৫-২৬ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে বলে মনে করেন আর্সেনালের কোচ মিকেল আর্তেতা। গত তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হয়েছে আর্সেনাল। চলতি গ্রীষ্মের দলবদলে কেপা, মার্তিন জুবিমেন্দি ও ক্রিস্তিয়ান নোয়াগোকে দলে টেনে স্কোয়াডের শক্তি আরও বাড়িয়েছে আর্সেনাল। সিঙ্গাপুরে প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে আর্তেতার কাছে জানতে চাওয়া হয়, আর্সেনালের এখন আরও একধাপ এগিয়ে বড় পুরস্কার জয়ের সময় এসেছে কি না। আর্তেতা বলেন, ‘প্রতিবছর আমাদের দেখতে হয়, দলে সবকিছুর কেমন উন্নতি হচ্ছে। এবার সঠিক ভারসাম্য দেখতে পাচ্ছি। লিগে আরও ছয়, সাত, আটটি দল রয়েছে, যাদের জয়ের জন্য সঠিক উপকরণ আছে এবং শুধু এক দলই বিজয়ী হবে। তাই আমাদের সেই বিষয়গুলোয় অনেক মনোযোগ দিতে হবে, যেগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারি, যাতে মৌসুম শেষে আমরা যা চাই, তা অর্জন করতে পারি।’ সিঙ্গাপুরে প্রাক-মৌসুম সফরে নিজেদের প্রথম ম্যাচে আজ বুধবার এসি মিলানের মুখোমুখি হবে আর্সেনাল।

১৬ মাস পর ফিরে জয় ভেনাসের

প্রায় ১৬ মাস পর প্রতিযোগিতামূলক টেনিসে ফিরে নিজের জাত চিনিয়ে দিলেন ভেনাস উইলিয়ামস। ডিসি ওপেনে হেইলি ব্যাপটিস্টের সঙ্গে জুটি বেঁধে নারীদের ডাবলসে কোয়ার্টার ফাইনালে উঠেছেন এই টেনিস কিংবদন্তি। অল আমেরিকান জুটি শেষ ষোলোতে ৬-৩, ৬-১ গেমে হারিয়েছেন ক্লার্ভি এনগুনোয়ে এবং ইউজেনি বুশার্ডকে। এটাই ছিল ভেনাস উইলিয়ামসের ২০২৩ সালের আগস্টের পর ডব্লিউটিএ ট্যুরে প্রথম জয়। সেবার সিনসিনাটি ওপেনে প্রথম রাউন্ডে ভেরোনিকা কুডারমেতোভার বিপক্ষে জয় পেয়েছিলেন তিনি। ম্যাচ শেষে ৪৫ বছর বয়সী ভেনাস বলেন, ‘খেলার সুযোগ পেয়ে দারুণ লাগছে। গত বছর আমি যে অবস্থায় ছিলাম, এখন তার সঙ্গে কোনো তুলনাই চলে না। গত বছর অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছিলাম আর এখন টুর্নামেন্টে খেলার প্রস্তুতি নিচ্ছি। এ যেন দিন-রাতের পার্থক্য।’ ভেনাস এবারের ডিসি ওপেনে একক ও ডাবলস দুই বিভাগেই ওয়াইল্ড কার্ডে অংশ নিয়েছেন।

এখন কেউ পরিশ্রম করতে চায় না

৪৪ বছর বয়সেও আইপিএল খেলছেন মহেন্দ্র সিংহ ধোনি। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে খুব কমবারই চোটের কারণে মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। ধোনি বললেন, তরুণ প্রজন্মের ফিটনেসের মান নিম্নমুখী। ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন ধোনি। কিন্তু খেলছেন আইপিএল। প্রতিবার আইপিএল শুরুর আগে কঠোর পরিশ্রম করে নিজেকে ফিট করে তোলেন টুর্নামেন্টের জন্য। সম্প্রতি ধোনি বলেন, ‘আজকাল শারীরিক পরিশ্রম অনেক কমে গিয়েছে। তার ফলে আমাদের ফিটনেসও নিম্নমুখী। বহু মানুষই কোনো খেলাধুলার সঙ্গে যুক্ত নন।’ মেয়ে জিভার উদাহরণ টেনে ধোনি বলেন, ‘এমনকি, আমার মেয়েও শারীরিক পরিশ্রম করে না। ও কোনো খেলাধুলা করে না। তাই আমাদের ভাবতে হয়, কীভাবে ওকে বিভিন্ন কাজে ব্যস্ত রাখব। দৌড়ঝাঁপ না করলে শরীর ফিট হবে না। সেটা সবাইকে বুঝতে হবে।’ আইপিএল না থাকায় বর্তমানে অবসর সময় কাটাচ্ছেন ধোনি।