রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কাছে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করাকে কেন্দ্র করে উদ্ভূত পরিস্থিতিতে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল আবরার। তিনি বলেছেন, ‘এমন সিদ্ধান্ত হুট করে নেওয়া সম্ভব নয়। প্রশ্নপত্র সংক্রান্ত বিষয় নিশ্চিত করেই স্থগিতাদেশ দেওয়া হয়, তাই কিছুটা সময় লেগেছে।’
আজ বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এসব কথা বলেন।
শিক্ষা উপদেষ্টা আরও জানান, এখনো স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার নতুন সময়সূচি নির্ধারণ করা হয়নি।
এর আগে, মঙ্গলবার দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন—পরীক্ষা স্থগিতে বিলম্ব এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবিতে। পরবর্তীতে শিক্ষা সচিব সিদ্দিক জোবায়েরকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
এ প্রসঙ্গে চৌধুরী রফিকুল আবরার বলেন, ‘শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়া হয়েছে। আর আমার পদত্যাগ সংক্রান্ত বিষয়ে আমি নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেব না। যদি সরকার মনে করে, এ ঘটনায় আমার পক্ষ থেকে কোনো ত্রুটি হয়েছে, তবে আমি দায়িত্ব আঁকড়ে ধরার পক্ষপাতী নই।’
তিনি আরও বলেন, ‘মাইলস্টোনের শিক্ষার্থীদের দাবিগুলো যুক্তিসংগত। প্রধান উপদেষ্টা ইতোমধ্যেই রাষ্ট্রের পক্ষ থেকে শোক প্রকাশ করেছেন। আলাদাভাবে আমাদের থেকে কিছু বলা প্রয়োজন নেই।’
উল্লেখ্য, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে ঘটে যাওয়া যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এইচএসসি ও সমমানের ২২ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করা হয়েছে।
সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ফেসবুক পোস্টে প্রথম ২২ জুলাইয়ের পরীক্ষা স্থগিতের কথা জানান। পরদিন মঙ্গলবার শিক্ষা উপদেষ্টা ঘোষণা দেন ২৪ জুলাইয়ের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
আইএসপিআরের তথ্যমতে, বিমান দুর্ঘটনায় মঙ্গলবার রাত পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৩২ জনে।