রাজধানীর মুগদায় যাত্রীবাহী বাস চাপায় আতিকুর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ঢাকা রেলওয়ের কর্মচারী ছিলেন।
বুধবার (২৩ জুলাই) সকাল সাড়ে ৮টার দিকে মুগদা হাসপাতালের সামনে এই দর্ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বেলা পৌনে ১২টার দিকে মৃত ঘোষণা করেন।
ঘটনাস্থলে ডিউটিরত ট্রাফিক সার্জেন্ট মো. মোস্তাফিজুর রহমান জানান, সকালে ওই ব্যক্তি মুগদা হাসপাতালের সামনে একটি বাসে উঠার চেষ্টা করছিলেন। এসময় তুরাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় ওই ব্যক্তিকে চাপা দেয়। ঘটনার পরপরই তুরাগ পরিবহনের বাসটি জব্দ করা হয়েছে।
নিহত আতিকুর রহমানের সহকর্মী ওবায়দুর রহমান জানান, আতিকের বাড়ি মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর ইসলামপুর গ্রামে। আতিকুর বর্তমানে সবুজবাগ বাসাবো এলাকায় একটি মেসে থাকতেন। ঢাকা রেলওয়ে কমলাপুরে (এসএস পিটার) কর্মরত ছিলেন। স্ত্রী ও তিন সন্তান গ্রামের বাড়িতে থাকে।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।