শক্তিশালী পাসপোর্টের তালিকায় তিন ধাপ এগোল বাংলাদেশ

বিশ্বের শক্তিশালী পাসপোর্ট সূচক প্রকাশ করেছে লন্ডন-ভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স। তালিকায় বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম, আগের সূচকে যা ছিল ৯৭তম। ফলে তালিকায় তিন ধাপ অগ্রগতি হয়েছে। এতে ভিসা ছাড়া বর্তমানে বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারবেন বাংলাদেশিরা।

সূচক অনুযায়ী, বর্তমানে বাংলাদেশি পাসপোর্টধারীরা বিশ্বের ৩৯টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এই তালিকা তৈরিতে পাসপোর্টধারীদের ভিসামুক্ত, অন-অ্যারাইভাল এবং ই-ভিসা সুবিধার ওপর ভিত্তি করে বিশ্বের ১৯৯টি পাসপোর্ট এবং ২২৭টি গন্তব্য বিবেচনায় নেওয়া হয়েছে।

এ বছরের পাসপোর্ট শক্তিমত্তার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, যার নাগরিকরা ১৯৩টি দেশে ভিসা ছাড়াই প্রবেশ করতে পারেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে জাপান ও দক্ষিণ কোরিয়া (১৯০ দেশ)। তৃতীয় অবস্থানে রয়েছে ডেনমার্ক, ফিনল্যান্ড, ফ্রান্স, জার্মানি, আয়ারল্যান্ড, ইতালি ও স্পেন (১৮৯ দেশ)।