নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৮

নাটোরের বড়াইগ্রামে ট্রাকের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নিহতের সংখ্যা  বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে। বুধবার (২৩ জুলাই) সকাল ১০টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে উপজেলার শ্রীরামপুর আইড়মারী ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই মাইক্রোবাসের যাত্রী বলে জানা গেছে। 

দুর্ঘটনায় নিহতরা হলেন-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ধর্মদহ গ্রামের  জাহিদুল ইসলাম (৬৫), তার স্ত্রী শেলী বেগম (৬০),  আনোয়ারা বেগম (৭৫), আনোয়ারা বেগম (৬০), মাইক্রোবাসের চালক সাহাবউদ্দিন সাবু (৪০),  ইতি খাতুন (৪০),  আঞ্জুমানয়ারা (৭৫) ও  সীমা খাতুন (৩০)। 

নিহতের স্বজনরা জানান, বুধবার সকালে কুষ্টিয়ার দৌলতপুরের ধর্মদহ গ্রামের জাহিদুল ইসলাম স্বজনদের নিয়ে নবজাতক নাতী ও পুত্রবধুকে আনতে সিরাজগঞ্জে বেয়াইনের বাড়িতে যাচ্ছিলেন। পথে উপজেলার আইড়মারী ব্রিজ এলাকায় ঢাকা থেকে রাজশাহীগামী সিমেন্ট বোঝাই ট্রাক  ভুল লেনে চলে এলে তাদের বহনকারী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে গেলে ঘটনাস্থলেই ৫ জন নিহত ও তিনজন গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে অপর দু’জন মারা যান। 

নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ‘মাইক্রোবাসটি তার সঠিক লেনে ছিল, কিন্তু ট্রাকটি ভুল লেনে চলে আসায় মুখোমুখি সংঘর্ষে এতোগুলো প্রাণহানী ঘটেছে। ’

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, ‘নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মাইক্রোবাসটি জব্দ করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’