নাটোরের বড়াইগ্রামে শহীদ মিনার ধসে সায়মন হোসেন নামে এক মাদরাসা ছাত্র গুরুতর আহত হয়েছে ব খবর পাওয়া গেছে। রবিবার (১৯ এপ্রিল) দুপুরে উপজেলার ধনাইদহ ফাজিল ডিগ্রি মাদরাসা মাঠে এ দুর্ঘটনা ঘটে।
আহত সায়মন (১৭) উপজেলার ধানাইদাহ গ্রামের বাবুল আক্তারের ছেলে ও মাদরাসার আলিম প্রথম বর্ষের ছাত্র।
আহতের সহপাঠী জিহাদ ও রাহাত জানান, পরীক্ষা শেষে মাদরাসা মাঠে পাশের শহীদ মিনারের নিচে অবস্থান নেয় সায়মন। এ সময় হঠাৎ করেই পুরোনো শহীদ মিনারটি একটি স্তম্ভ ভেঙে তার ওপর পড়ে। এতে সায়মন গুরুতর আহত হয়। পরে বন্ধুদের চিৎকারে শিক্ষক ও অন্যান্য শিক্ষার্থীরা ঘটনাস্থলে ছুটে এসে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে স্বজনরা দ্রুত তাকে বনপাড়া পাটোয়ারী হাসপাতালে নিয়ে যায়্ সেখানে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা আকমল হোসাইন জানান, শহীদ মিনারটি পুরনো ও জরাজীর্ণ হয়ে পড়েছিল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এ দুর্ঘটনা ঘটেছে।