মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক জানালো বার্সেলোনা

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ভয়াবহ বিমান দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে স্পেনের অন্যতম শীর্ষ ক্লাব বার্সেলোনা। এই ঘটনায় আহত ও নিহতদের প্রতি শ্রদ্ধা ও তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে ক্লাবটি একটি আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে বাংলাদেশে বার্সেলোনা সমর্থকদের অফিশিয়াল ফ্যান গ্রুপ ‘পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা’ কে।

চিঠিটি আজ বুধবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনা থেকে ঢাকায় পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হল, 'আমরা গভীর দুঃখের সাথে জানতে পেরেছি যে, ঢাকায় একটি স্কুল ক্যাম্পাসে সম্প্রতি একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এফসি বার্সেলোনার বোর্ড অব ডিরেক্টরসের পক্ষ থেকে আমরা এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার সকল আহত ও নিহত ব্যক্তিদের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা জানাচ্ছি।'

বাংলাদেশের বার্সেলোনার জনপ্রিয়তা অনেক। দলটির বড় অর্জনে সমর্থক দেখা যায় নানা আয়োজন। আরও বলা হয়, 'এই ট্র্যাজেডিতে যেসব পেনিয়া সদস্য বা তাদের পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের প্রতি আমাদের সহানুভূতি ও সমর্থন রইল। যেকোনো প্রয়োজনে আপনারা আমাদের পাশে পাবেন।'

পেনিয়া ব্লাউগ্রানা বাংলাবার্সা অব ঢাকা বার্সেলোনা ফুটবল ক্লাবের বাংলাদেশের আনুষ্ঠানিক স্বীকৃত একটি সমর্থক সংগঠন।