জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে সুশৃঙ্খল অবস্থায় আনতে অবশ্যই সুষ্ঠু নির্বাচন হতে হবে। আমাদের স্পষ্ট বক্তব্য, অতীতের মতো বস্তাপঁচা ধারায় নতুন কোনো নির্বাচন আমরা চাই না। নির্বাচন হতে হবে স্বচ্ছ ও নিরপেক্ষ। নির্বাচনে থাকবে না মাস্তানতন্ত্র ও কালো টাকার ব্যবহার। নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। এ ছাড়া জামায়াত নির্বাচনে যাবে না।
আজ বুধবার বিকেলে সিলেটের বিয়ানীবাজার উপজেলায় জামায়াতের জনশক্তি ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন বিয়ানীবাজার উপজেলা জামায়াতের আমির মাওলানা ফয়জুল ইসলাম।
সমাবেশে জামায়াত আমির আরও বলেন, নির্বাচন বিলম্বিত হলে জটিলতা সৃষ্টি হবে। তবে আমরা কোনো প্রি-ম্যাচিউরড ডেলিভারি চাই না। বিগত ১৬ বছরে ২৬ লাখ ৫৮ হাজার কোটি টাকা পাচার হয়েছে। যারা ক্ষমতায় ছিল তারা ধরাকে সরা জ্ঞান করেছে। তাই তাদের দলবল নিয়ে পালাতে হয়েছে। জামায়াতের কোনও দায়িত্বশীল নেতা কখনো দেশ থেকে পালাননি। আমারা এই দেশকে, দেশের মানুষকে ভালোবাসি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ অফুরন্ত নিয়ামত ও সম্ভাবনার দেশ। ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশের মোট জনসংখ্যার ৪২ ভাগের বেশির বয়স ৭০ এর উপরে। অথচ আমাদের জনসংখ্যার বড় অংশের বয়স ৩৫ বছরের নিচে। এটি আমাদের একটা বড় নিয়ামত। আমাদের মাটির নিচে, সমুদ্রে প্রচুর সম্পদ। এত এত সম্পদ থাকা সত্তেও গত ৫৪ বছরেও আমরা আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে পারিনি। কারণ ক্ষমতায় যারা ছিলেন তারা কেবল নিজেদের নিয়ে ব্যস্ত ছিলেন। জনগণের কথা ভাবার সময় তাদের ছিল না।
তিনি বলেন, শুধু ঘুষ আর চাঁদাবাজিই দুর্নীতি নয়, বুদ্ধি দিয়ে জনগণকে ঠকানোটাও একটা বড় ধরনের দুর্নীতি। আর জনগণকে ঠকায় তারা, যারা দেশ থেকে পালিয়ে যায়। তারা দেশটাকে যৌতুক মনে করে।
ডা. শফিক বলেন, ৫ আগস্টের পর জামায়াত প্রতিহিংসা চরিতার্থ করেনি। আমরা সব ধর্মের মানুষের জন্য নিরাপদ বাংলাদেশ গড়তে চাই। আমরা নিজেরা মন্দিরসহ হিন্দুদের বাসাবাড়ি পাহারা দিয়েছি। কোনো ক্ষতি হতে দেইনি।
বিয়ানীবাজার পৌর শহরের একটি কমিউনিটি সেন্টারে উপজেলা জামায়াতের সেক্রেটারি আবুল কাশেম ও পৌর শাখার আমির কাজী জমির হোসাইনের যৌথ পরিচালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনে জামায়াতের ইসলামীর প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, সিলেট মহানগর শাখার আমির মোহাম্মদ ফখরুল ইসলাম।