কাশিয়ানীতে ট্রাক খাদে পড়ে চালকের মৃত্যু

গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় জামাল মোল্যা (৩২) নামের এক ট্রাকচালক প্রাণ হারিয়েছেন। আজ বৃহস্পতিবার ভোররাতে ঢাকা-খুলনা মহাসড়কের ফুকরা বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জামাল মোল্যার বাড়ি বাগেরহাট জেলার মোল্লাহাট থানার কুলিয়া গ্রামে। তিনি মৃত শাহাদত হোসেনের ছেলে।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুমান মোল্যা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মাছ বহনের খালি বক্স নিয়ে ট্রাকটি ঢাকা থেকে খুলনার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফুকরা বাজার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ জামাল মোল্যার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।