উত্তরায় বিমান বিধ্বস্ত

ডিএনএ টেস্টে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় ডিএনএ টেস্টের মাধ্যমে পাঁচ মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। বিকৃত হয়ে যাওয়া ছয় মরদেহ শনাক্তে ১১ জনের ডিএনএ নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। তার মধ্যে পাঁচ জনের পরিচয় শনাক্ত হলো।

আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন সিআইডির ফরেনসিক ইউনিটের ডিআইজি মো. জামশের আলী। ইতোমধ্যে সংশ্লিষ্ট পরিবারগুলোকে এ বিষয়ে জানানো হয়েছে।

এর আগে মালিবাগের সিআইডি ভবনে গিয়ে ১১ জন দাবিদার তাদের রক্তের নমুনা প্রদান করে। এদের মধ্যে এক পরিবারের একাধিক ব্যক্তিও ছিলেন।

এরও আগে গতকাল বুধবার (২৩ জুলাই) সরকারি তথ্য বিবরণীতে নিখোঁজদের পরিবারের সদস্যদের মালিবাগে সিআইডি ভবনে ডিএনএ ম্যাচিংয়ের জন্য নমুনা দেওয়ার অনুরোধ জানায় সরকার।

গেল ২১ জুলাই উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। এখন পর্যন্ত অন্তত ৩১ জনের মৃত্যু নিশ্চিত হয়েছে।