'ভারতের সঙ্গে আলাপ করে এশিয়া কাপের বিষয়ে দ্রুতই সমাধান'

এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি ঢাকায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভায়। তবে এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি আশাবাদী দ্রুতই এই ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। এবারের এশিয়া কাপের আয়োজক মূলত ভারত। তবে আয়োজন করা হতে পারে ভারতের বাইরে। এই ব্যাপারেও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। এসিসি প্রেসিডেন্ট মহসিন নাকভি বলেছেন, এশিয়া কাপ নিয়ে ঘোষণা খুব শিগগিরই দেওয়া হবে, তবে এর আগে ভারতের ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর সঙ্গে কিছু বিষয় সমাধান করতে হবে।

রাজধানীর একটি হোটেলে এসিসির সভা শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে মহসিন নাকভি বলেছেন, ''আমরা বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার মধ্যে রয়েছি। আমরা আশা করি খুব তাড়াতাড়ি এর সমাধান হবে। আমরা আলোচনা করেছি এবং সিদ্ধান্ত নিয়েছি যে আমি এবং আমিনুল ভাই [বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল] কিছু বিষয় সমাধান করব এবং যত দ্রুত সম্ভব তা চূড়ান্ত করব।”

সভার একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে ক্রিকেট পোর্টাল ক্রিকবাজ জানিয়েছেন, ''(এশিয়া কাপ) নিশ্চিতভাবে হবে—এটা এখনই বলা যাচ্ছে না, তবে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এটি হবে না। বিসিসিআই তাদের বাণিজ্যিক অংশীদারদের সঙ্গে কিছু বিষয় মীমাংসা করছে, এবং কয়েক দিনের মধ্যেই তারা আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে।”

এশিয়া কাপে ৭ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে পারে বলে জানিয়েছিল ভারতীয় গণমাধ্যম। তবে সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে লিজেন্ডস লিগের ম্যাচ বয়কট করেছেন ভারতের সাবেক ক্রিকেটাররা। এরপরই আলোচনায় এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের মধ্যকার ম্যাচ হবে কিনা।

এই ব্যাপারটিও দ্রুত সমাধান হবে বলে আশ্বাস দিয়েছেন নাকভি। তিনি বলেন, 'এটা আসলে পুরোপুরি এসিসি এবং বিসিসিআইয়ের বিষয়। আমি খুবই আশাবাদী বাকি ব্যাপারগুলো আমরা দ্রুতই সমাধান করব। এশিয়া কাপের ব্যাপারটাও থাকবে।'