সব দেশের অংশগ্রহণ এসিসি সভায়, 'দুর্দান্ত' আয়োজনের কৃতিত্ব বুলবলের- মহসিন নকভি

আপডেট : ২৪ জুলাই ২০২৫, ০৫:৩৮ পিএম

অবশেষে ঢাকায় সফলভাবে সম্পন্ন হলো এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এর বার্ষিক সাধারণ সভা (এজিএম)। এবারের সভায় সদস্য দেশগুলোর ২৮টিই অংশগ্রহণ করেছে, যার মধ্যে কিছু দেশ সরাসরি এবং বাকিরা অনলাইনে যুক্ত হন। এই সফল মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন এসিসি এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি মহসিন নকভি। চমৎকার আতিথেয়তার জন্য তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

রাজধানীর একটি হোটেলে মিটিং শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নকভি বলেন, "আলহামদুলিল্লাহ, আমাদের মিটিং অনেক ভালো গিয়েছে। এসিসিতে মোট ২৮টি দেশ সদস্য হিসেবে রয়েছে এবং সব কটি দেশই এই মিটিংয়ে অংশ নিয়েছে। আমি সকল সদস্যকে ধন্যবাদ জানাতে চাই, যারা এখানে মিটিংয়ে অংশ নিয়েছে। এর পাশাপাশি যারা জুমের মাধ্যমে মিটিংয়ে যোগ দিয়েছেন, তাদেরকেও ধন্যবাদ।" 

নকভি আরও যোগ করেন, "আমি আমিনুল ভাইকেও ধন্যবাদ জানাতে চাই, বিসিবিকেও ধন্যবাদ আতিথেয়তার জন্য। তারা যেভাবে আমাদের দেখভাল করেছেন, আজকে দারুণ স্মরণীয় একটি দিন কেটেছে। এসিসির পক্ষ থেকে আমি বলতে চাই, তারা যেভাবে সবকিছু আয়োজন করেছেন, সব দুর্দান্ত ছিল।"

মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে শুরু হয় সভায়। ছবি: বিসিবি

নকভি তার বক্তব্যে ক্রিকেটের উন্নয়নে ঐক্যের ওপর জোর দেন, "শেষ কথা হচ্ছে, আমরা সবাই ক্রিকেটের জন্য কাজ করতে চাই। কেউ খেলার মাঝে রাজনীতি চাই না। এখানে দারুণ পরিবেশে দারুণ মিটিং হয়েছে। আশা করি ভবিষ্যতেও এমন মিটিং করতে পারব আমরা।" 

ভারত এবং শ্রীলঙ্কার মতো কিছু দেশের ঢাকায় আসতে না পারা নিয়ে তিনি বলেন, "কিছু দেশ ঢাকায় আসতে পারেনি। আমিও সিঙ্গাপুরে যেতে পারিনি। এটা স্বাভাবিক ব্যাপার। বেশিরভাগই এসেছে। এসিসির জন্য ভালো ব্যাপার হচ্ছে ২৫ সদস্যই মিটিংয়ে এসেছে।"

এই সফল মিটিংয়ের কৃতিত্ব মহসিন নকভিকে দিয়েছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুলবুল বলেন, "(নকভিকে দেখিয়ে) এখানে নেতৃত্বের ব্যাপার। সব সদস্য দেশ অনেক সহযোগিতা করেছে। আমরা সবাই মিলে ক্রিকেটের উন্নতির জন্য কাজ করেছি।"

যদিও এসিসি এখনো আনুষ্ঠানিকভাবে এশিয়া কাপের সূচি ঘোষণা করেনি, তবে ভারতীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে যে আগামী ৫ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াবে এশিয়া কাপ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত