রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে গত সোমবার বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ কার্যক্রমে অংশ নেওয়া একটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় স্তব্ধ গোটা দেশের মানুষ। সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া সেই দুর্ঘটনার মর্মান্তিক ভিডিও দেখে প্যানিক অ্যাটাক হয়েছে চিত্রনায়িকা পরীমণির। বর্তমানে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে প্যানিক অ্যাটাকের বিষয়ে জানিয়েছিলেন অভিনেত্রী নিজেই।
এবার তিনি হঠাৎ অসুস্থতা হয়ে পড়া নিয়ে বললেন, ‘প্যানিক অ্যাটাক মোটেই কোনো সহজ বিষয় নয়! এটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে! আজ তিনটা রাত কীভাবে পার করেছি আমি শুধু জানি। হসপিটালের ডাক্তাররা (মেডিসিন, কার্ডিওলজি ও সাইকোলজি বিশেষজ্ঞ) সবাই তাদের যথার্থ সাহায্য করে যাচ্ছেন।’
বৃহস্পতিবার (২৪ জুলাই) ফেসবুকের এক পোস্টে ছোট্ট একটি ভিডিও শেয়ার করেছেন পরী। যেখানে দেখা যায়, হাসপাতালের বিছানায় শুয়ে আছেন তিনি। পাশে স্টেথোস্কোপ নিয়ে খেলছে তার ছেলে রাজ্য।
পরী বলেন, ‘আমি শুধু ভাবছি, আমার বাচ্চারা না থাকলে কোনো চিকিৎসা কি আদৌও কাজে আসতো আমার এই মুহূর্তে! আমি জানি না… আমি শুধু জানি, আমার বাচ্চারা আমাকে ছাড়া ভালো থাকবে না। আল্লাহ মহান সবার সহায় হোক।’