টানা বৃষ্টির কারণে বৃহস্পতিবার ভোররাতে খাগড়াছড়ি-সাজেক সড়কের অন্তত তিনটি স্থানে পাহাড়ধসের ঘটনায় বন্ধ হয়ে যাওয়া সড়কে প্রায় নয় ঘণ্টা পর যান চলাচল শুরু হয়েছে।
বিকাল তিনটায় সাজেকে আটকে পড়া পর্যটকদের বহনকারি গাড়িগুলো ফিরতে শুরু করেছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার শিরিন আক্তার।
তিনি জানান, দীঘিনালা ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সড়কের মাটি সরানোর কাজ শুরু হওয়ার পর সড়কটিতে যান চলাচল স্বাভাবিক হয় এবং আটকে পড়া পর্যটকদের বহনকারি গাড়িগুলো যাত্রা শুরু করে। এখন পথটি স্বাভাবিক আছে। অন্তত চার শতাধিক পর্যটক আটকে পড়েছিলো বলে জানান তিনি।
সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমা পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে জানান, সড়কের ৩ টি স্থানে পাহাড়ের মাটি ধসে পড়ার ঘটনায় সড়কটি অচল হয়ে পড়েছিলো।
রিসোর্ট এন্ড কটেজ এসোসিয়েশন অব সাজেকের সভাপতি সুপর্ন দেব বর্মন জানান, আটকে পড়া পর্যটকরা নিরাপদে ফিরে গেছেন। এখন পর্যটকরা কোন সমস্যা ছাড়াই আসতে ও যেতে পারবেন।