মাদক কারবারিকে গ্রেপ্তারে যাওয়া পুলিশ সদস্যকে ছুরিকাঘাত

নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইরে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ মাদক কারবারি জাহিদকে গ্রেপ্তার অভিযানে যাওয়া ফতুল্লা মডেল থানার এসআই (উপ-পরিদর্শক) সামছুল হক সরকার ছুরিকাঘাতের শিকার হয়েছেন।

বুধবার রাতে মাসদাইর ঘোষের বাগ এলাকায় তিনি এই হামলার শিকার হন। এ ঘটনায় আহত এসআই সামছুল হক সরকারকে প্রথমে শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালে পরে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসালম জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত সাড়ে নয়টার দিকে এসআই (উপ পরিদর্শক) সামছুল হক সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে মাসদাইর ঘোষের বাগ এলাকায় মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি জাহিদকে গ্রেপ্তার করতে যান। তাকে না পেয়ে ফিরে আসার সময় পেছন থেকে জাহিদের সহযোগীরা এসআই সামছুল হক সরকারের ডান হাতের কনুইর সামান্য নিচে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে ২ জনকে আটক করে। আটককৃতরা হলো নাজমুল ও পলাশ। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে তিনি জানান।