নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় বসত বাড়ি থেকে ময়লা আবর্জনা সংগ্রহকারী পরিচ্ছন্ন কর্মীদের মারধরের প্রতিবাদে প্রায় এক ঘন্টা ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেছে পরিচ্ছন্ন কর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করেন। শুক্রবার দুপুরে ফতুল্লার রিয়া গোপ জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সামনে লিংক রোডে এ অবরোধ করা হয়।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, ফতুল্লা ইউনিয়ন ও সিটি করপোরেশনের প্রায় ৬০০টি ভ্যান গাড়ি দিয়ে বাসা বাড়ির ময়লা আবর্জনা সংগ্রহ করে লামাপাড়া এলাকায় মার্কাজ রোডের একটি বেসরকারী স্থানে ডাম্পিং করেন। এসব গাড়ির চাকায় বা বডিতে কোন সমস্যা দেখা দিলে রিয়াগোপ স্টেডিয়ামের সামনে সড়কের পাশে মেরামত করা হয়। গত বুধবার বিকেলে কয়েকটি গাড়ি মেরামতের সময় লামাপাড়া এলাকার আতাবুরের ছেলে হিমেল সড়কের পাশ থেকে গাড়ি সরিয়ে নেয়ার কথা বলে কয়েকজন পরিচ্ছন্নতাকর্মীকে মারধর করেন।
তখন পরিচ্ছন্নকর্মীরাও তাদের মারধর করেন। এনিয়ে বৃহস্পতিবার সন্ধায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আপোস মিমাংসায় বসেন উভয়পক্ষ। সেই আপোষ মিমাংসার বৈঠকে হিমেল তার দলবল নিয়ে ১০/১২জন পরিচ্ছন্নতাকর্মীদের এলোপাথারী মারধর করেন। তখন গণমান্য ব্যক্তিরা পরিচ্ছন্নকর্মীদের আইনের সহযোগীতা নেয়ার জন্য পরমর্শ দিয়ে চলে যায়। এরপর শুক্রবার পরিচ্ছন্নতাকর্মীরা লিংক রোড অবরোধ করে বিক্ষোভ করেন।
স্থানীয়রা জানান, ময়লার ৬০০ ভ্যান গাড়ি থেকে একটি চক্র দৈনিক প্রায় এক লাখ টাকা চাঁদাবাজি করেন। ওই চক্রের আদায় করা চাঁদা থেকে হিমেল ও তার বাহিনীর লোকজন ভাগ চেয়ে আসছে। এনিয়ে দীর্ঘদিন ধরে তারা পরিচ্ছন্নতাকর্মীদের উপর নানা ভাবে নির্যাতন করে আসছে।
এদিকে লিংক রোড অবরোধে দীর্ঘ যানজটের সৃস্টি হয়। এতে পথচারী ও এলাকাবাসীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই জরুরী কাজের জন্য গাড়ি ছেড়ে ৩/৪ কিলোমিটার সড়ক পায়ে হেটে গন্তব্যে যেতে হয়েছে।
এবিষয়ে ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পরিচ্ছন্নতাকর্মীদের অভিযোগ শুনেছি এবং তাদের আইনগত সগযোগীতার আশ্বাস দিয়েছে। এতে তারা সড়ক অবরোধ ছেড়ে দেয়।