বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, নির্বাচন যতই বিলম্বিত হবে, শহীদের স্বপ্ন বাস্তবায়নও ততই বিলম্বিত হবে। নির্বাচন ছাড়া শহীদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব নয়। শহীদের রক্ত ছুঁয়ে শপথ নিয়েছি গণঅভ্যুত্থানে শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। গণঅভ্যুত্থানের আকাঙক্ষা বাস্তবায়ন করে বৈষম্যহীন বঞ্চনামুক্ত রাষ্ট্র গঠন করব।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার ঘোষগাঁও বাজারে ছাত্র গণঅভ্যুত্থানে নিহত ঘোষগাঁও নিবাসী শহীদ মোহাম্মদ শাজাহানের প্রথম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল আয়োজিত স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
স্মরণসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, ছাত্র গণঅভ্যুত্থানের ঐক্যকে অটুট ও অক্ষুণ্ণ রেখে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ মসৃণ করতে হবে। গণ অভ্যুত্থানের শক্তিসমূহে বিভক্তি, অনৈক্য শহিদদের আত্মা কষ্ট পাবে। বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানাতে সমাজে অস্থিরতা, বিশৃঙ্খলা পরিস্থিতি সৃষ্টি করে নির্বাচন বিলম্বিত করার সুপরিকল্পিত যড়যন্ত্র চলছে।
তিনি বলেন, জামায়াত, ইসলামী আন্দোলন ও এনসিপি প্রার্থী ছাড়া শুধু মার্কা দিয়ে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে শোরগোল তুললেও নিজের ঠিকই আগামী নির্বাচনের জন্য ৩০০ আসনে প্রার্থী ঘোষণা করে মাঠে ভোট চাইছে। এটা তাদের ভণ্ডামী রাজনীতির বহিঃপ্রকাশ।
তিনি আরও বলেন, জনগণ যাতে হতাশ ও ক্ষুব্ধ না হয় সেজন্য আমাদের সচেষ্ট থাকতে হবে। অভ্যুত্থানের শক্তির মধ্যে অনৈক্য ও বিভেদের সুযোগে ফ্যসিবাদী শক্তি মাথাচারা দিয়ে উঠতে চাইছে। গত কয়কদিনের ঘটনা তাই প্রমাণ করে। ফ্যসিবাদী শক্তির উত্থানের বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে। ফ্যসিবাদের প্রশ্নে কোনও ছাড় নয়।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সহসভাপতি আবুল কাশেম ডলারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ফরহাদ আল রাজির সঞ্চালনায় ঘোসগাঁও বাজারে অনুষ্ঠিত স্মরণ সভায় অন্যান্যের মধ্যে শহীদ শাহজাহানের মা সাজেদা খাতুন, খালা মাজেদা খাতুন, জেলা বিএনপির সদস্য আলহাজ্ব মফিজ উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, যুগ্ম আহ্বায়ক ফরহাদ রব্বানী সুমন, জেলা যুবদলের সভাপতি শামসুল হক, সাধারণ সম্পাদক রেজাউল করিম বিপ্লব, ঘোষগাঁও ইউনিয়ন, বিএনপির আহ্বায়ক মোহাম্মদ শাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।